
এখনো ভিসা হাতে পাননি বাবর আজম-শাহিন আফ্রিদি!
আগামী বুধবার ভারতে যাওয়ার কথা রয়েছে পাকিস্তান ক্রিকেট দলের। কিন্তু ফ্লাইট ধরার ৪৮ ঘণ্টা কম সময় বাকি থাকলেও এখনো ভিসা হাতে পাননি বাবর আজম-শাহিন আফ্রিদি।
ভিসা পেতে বিলম্ব হওয়ায় ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসির কাছে অসন্তোষ প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। শুধু তা-ই নয়, এমন পরিস্থিতি বিশ্বকাপ প্রস্তুতিতে বিরূপ প্রভাব ফেলতে পারে বলে সতর্ক করেছে তারা। এমনটাই জানিয়েছে ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
ভারত বিশ্বকাপ অংশ নেওয়া সফরকারী ৯ দলের মধ্যেই কেবল পাকিস্তানই এখন পর্যন্ত ভিসা পায়নি। আজ সোমবার কর্মঘণ্টা শেষ হওয়ার পরও ভারতীয় হাইকমিশন থেকে কোনো সদুত্তর পায়নি তারা। তাই এমন বৈষম্যমূলক আচরণ কেন করা হচ্ছে- সেই ব্যাপারে আইসিসির কাছে জবাব চেয়েছে দলটি। যেখানে আয়োজক দেশের (ভারত) ক্রিকেট বোর্ড (বিসিসিআই) নিশ্চিত করেছিল অংশগ্রহণকারী সব দলকে ভিসা দেওয়া হবে।
নির্ধারিত সূচি অনুযায়ী, বুধবার সকালে দুবাইয়ের উদ্দেশে রওনা দেবে পাকিস্তান ক্রিকেট দল। সেখানে ট্রানজিট শেষে সন্ধ্যায় ভারতের হায়দরাবাদে পা রাখার কথা হয়েছে তাদের। শহরটিতে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা।
সম্প্রতি শেষ হওয়া এশিয়া কাপ এককভাবে আয়োজন করার কথা ছিল পাকিস্তানের। কিন্তু ভারতের আপত্তির কারণে টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় হাইব্রিড মডেলে। ১৩ ম্যাচের মধ্যে কেবল ৪ টি গড়ায় পাকিস্তানের মাঠে, বাকি সবগুলো অনুষ্ঠিত হয় শ্রীলঙ্কায়।
ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তান না গেলে, পাকিস্তানও বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না- আসর শুরুর বেশ কয়েকমাস আগে এমনই এক হুঁশিয়ারি ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কিন্তু সেই অবস্থান থেকে সরে এসেছে তারা।
সবকিছু ঠিক থাকলে হায়দরাবাদে পৌঁছে আগামী ২৯ সেপ্টেম্বর নিউজিল্যান্ড ও আগামী ৩ অক্টোবর অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে পাকিস্তান। ৬ অক্টোব নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে ১৯৯২’র বিশ্বচ্যাম্পিয়নরা।