
রাইজিংসিলেট- সুনামগঞ্জের জগন্নাথপুরে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের উন্নয়নের ধারাবাহিকতায় আরও সাড়ে ১১ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের অনুমোদন করা হয়েছে।
প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ৮ কোটি টাকা বরাদ্দে জগন্নাথপুর উপজেলায় একটি মানসম্মত ও আধুনিক পানিসম্পদ ব্যবস্থাপনা সমিতি এবং কৃষি বিপণন কেন্দ্র তৈরির লক্ষ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের “ক্ষুদ্রাকার পানিসম্পদ উন্নয়ন প্রকল্প-২” এর আওতায় রানীগঞ্জ ইউনিয়ন এর রোয়াইল-হিলালপুর উপপ্রকল্প বাস্তবায়ন। ইতিমধ্যে ইজিপি-তে এই প্রকল্পের ৩টি প্যাকেজের টেন্ডার হয়েছে। এই প্রকল্পের আওতায় ১টি কৃষি বিপণন কেন্দ্র অফিস ব্লক ও গ্যারেজ, ১টি মাছ বিপণন শেড, ১টি একতলা শস্যভাণ্ডার ভবন, ৩টি কালভার্ট, ১টি রেগুলেটর, ৩টি এইচবিবি সড়ক ও প্যালিস্যাডিং এর কাজ হবে।
এছাড়াও প্রায় ২.৫ কোটি টাকা ব্যয়ে ৩টি সড়কের মেরামত কাজের টেন্ডার হয়েছে। সড়কগুলো হলো দাওরাই বাজার-শেওরা সড়কের মেরামত, কাঁঠালখাইড় বাজার-দাওরাই ভায়া জয়দা সড়ক মেরামত (১০০০ মি.– ৩০০০ মি.)ও এনায়েত গঞ্জ হরিনাকান্দি ভায়া গোপালগঞ্জ সড়ক মেরামত (২০০০মি.)।
পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের রাজনৈতিক সচিব শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসনাত হোসাইন সাড়ে ১১ কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে টেন্ডার হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।