
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) পাকিস্তানের অশান্ত বেলুচিস্তান প্রদেশে নবী মুহাম্মদের জন্মদিন উপলক্ষে একটি সমাবেশে আত্মঘাতী হামলায় কমপক্ষে ৫২ জন নিহত এবং ৫০ জনেরও বেশি আহত হয়েছেন।
আত্মঘাতী হামলাটি একটি মসজিদের কাছে ঘটে, যেখানে মুসল্লিরা ঈদে মিলাদুন্নবীর বা নবী মুহাম্মদের জন্মদিন উদযাপন উপলক্ষে জড়ো হয়েছিলেন।
এ তথ্য নিশ্চিত করেছে ওই প্রদেশের স্বাস্থ্য কর্মকর্তা ও পুলিশ।
সহকারী কমিশনার এক বিবৃতিতে বলেছেন, মদিনা মসজিদে জড়ো হওয়ার পর মুসল্লিরা একটি মিছিলে অংশ নেওয়ার সময় এ আত্মঘাতী বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের ভয়াবহতা ব্যাপক ছিল।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, নিহতদের মধ্যে একজন পুলিশ সদস্যও রয়েছেন, তবে এ বিষয়ে পুলিশ বিভাগ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
স্টেশন হাউস অফিসার (এসএইচও) জাভেদ লেহরি গণমাধ্যমকে জানিয়েছেন, আহতদের একটি চিকিৎসা কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। স্থানীয় হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
বেলুচিস্তানের সমৃদ্ধ গ্যাস ও খনিজ সম্পদ শোষণের অভিযোগ এনে বেলুচ গেরিলারা কয়েক দশক ধরে সরকারের বিরুদ্ধে লড়াই করে আসছে। প্রদেশটি দায়েশ গ্রুপের অনেক হামলাও দেখেছে।