
রাইজিংসিলেট- দিনাজপুরের বিরামপুরে পারিবারিক শালিসি বৈঠকে ছুরিকাঘাতে ওয়াসিম আলী (৩৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আরো দুইজন। এ ঘটনায় ৭ জনকে আটক করেছে বিরামপুর থানা পুলিশ। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার খানপুর ইউনিয়নের খোসালপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ওয়াসিম খানপুর এলাকার ওয়াজেদ আলীর ছেলে। আর আহতরা হলেন একই গ্রামের দেলোয়ার হোসেন (৩২), দবিরুল ইসলাম (৩৬)।
শনিবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর থানার ওসি সুব্রত কুমার। ইতোমধ্যে নিহতের বাবা বিরামপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। রাতেই ৭ জনকে আটক করা হয়। বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার ফাহমিদা আক্তার বলেন, শুক্রবার রাত ১০টার দিকে ছুরিকাঘাতে আহত অবস্থায় তিনজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসে। এদের মধ্যে একজন হাসপাতালে আসার আগেই মারা গেছে। বাকি দু’জন চিকিৎসাধীন রয়েছে।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ সুব্রত কুমার বলেন, গতকাল রাত সাড়ে ৯টায় বিরামপুর উপজেলার খানপুর ইউনিয়নের খোসালপুর গ্রামের পারিবারিক শালিসী বৈঠকে বসে দুই পক্ষ। এসময় দুই পক্ষ বাকবিতন্ডায় জড়িয়ে পড়লে হাতাহাতি শুরু হয়। পরে ঘটনাস্থলে একজনকে ছুরিকাঘাত করে আহত করা হয়, পরে তাকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত্য ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরে তার পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।