
বিএনপি-জামায়াতের ঘোষিত আল্টিমেটাম রাজপথে প্রতিহত করা হবে-মির্জা আজম।
সোমবার (২ অক্টোবর) স্থানীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সংসদ সদস্য মির্জা আজম বলেন,চলতি মাসে সরকারের পতন ঘটাতে বিএনপি-জামায়াতের ঘোষিত আল্টিমেটাম রাজপথে প্রতিহত করা হবে।
মির্জা আজম বলেন, বিএনপি জামায়াত জোট অপশক্তির অপতৎপরতা প্রতিহত করতে ধারাবাহিকভাবে ঢাকার প্রবেশ পথগুলোতে আওয়ামী লীগের উন্নয়ন ও শান্তি সমাবেশ চলছে। এরই অংশ হিসেবে আগামী ১৩ অক্টোবর ঢাকা-চট্রগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে ঢাকার প্রবেশপথ সোনারগাঁয়ের কাচঁপুরে এই কর্মসূচি পালন করা হবে। ওই সমাবেশে লক্ষাধিক মানুষের সমাগম ঘটিয়ে আওয়ামী লীগ প্রমাণ করবে দেশের জনগণ আওয়ামী লীগের সঙ্গে আছে। তারা শেখ হাসিনার উন্নয়ন ও শান্তির পক্ষে আছে।
তিনি বলেন, দেশের মানুষ আবারও শেখ হাসিনাকেই বাংলাদেশের প্রধানমন্ত্রী দেখতে চায়। তাই আওয়ামী লীগ এই সরকারের অতন্দ্র প্রহরী হয়ে অক্টোবর মাস থেকে আগামী নির্বাচন পর্যন্ত রাজপথে থাকবে। অতীতের মতো বিএনপি জাামায়াতকে আর আগুন সন্ত্রাস ও জ্বালাও-পোড়াওসহ ষড়যন্ত্রের নীলনকশা বাস্তবায়ন করতে দেওয়া হবে না।
আগামী ১৩ অক্টোবর সোনারগাঁয়ের কাঁচপুরে জেলা আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিতব্য উন্নয়ন ও শান্তি সমাবেশ সফল করার লক্ষ্যে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এর আগে কাঁচপুরের উন্নয়ন ও শান্তি সমাবেশ স্থল পরিদর্শন করে স্থানীয় নেতাকর্মীদের বিভিন্ন দিকনির্দেশনা দেন মির্জা আজম।
এদিকে সমাবেশ সফল করতে সব ধরনের প্রস্তুতি নেয়ার কথা জানানো হয়।