রাইজিংসিলেট- সিলেট বিভাগে শিশু মৃত্যুর মিছিল যেন থামছেই না। হাম ও হাম সন্দেহে গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর বিভাগটিতে হাম ও হাম সন্দেহে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯০ জনে। তাদের মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ১০ শিশু।
রোববার (১১ অক্টোবর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় এ তথ্য জানায়। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিন শিশুই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।
মৃত শিশুদের মধ্যে রয়েছে কোম্পানীগঞ্জ এলাকার বিলাল আহমদের ছয় মাস বয়সী ছেলে আরাব, সুনামগঞ্জের দিরাই এলাকার সাইদুল আলমের এক বছর দুই মাস বয়সী মেয়ে ইবা আক্তার এবং জগন্নাথপুর এলাকার জান্নাত মিয়ার ছয় মাস বয়সী ছেলে রাইয়ান।
এ নিয়ে টানা পাঁচ দিন সিলেট বিভাগে হাম ও হাম সন্দেহে শিশুমৃত্যুর ঘটনা ঘটল।
সিলেটে সবচেয়ে বেশি মৃত্যু
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছর হাম ও হাম সন্দেহে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে সিলেট জেলায়। এ জেলায় প্রাণ হারিয়েছে ৭৮ জন। এ ছাড়া সুনামগঞ্জে ৬৯, হবিগঞ্জে ২৮ এবং মৌলভীবাজারে ১৫ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে বিভাগে মৃতের সংখ্যা ১৯০। সিলেট-যুক্তরাজ্য সরাসরি ফ্লাইট চালুর আহ্বান আফসানা বেগমের
নতুন রোগী শনাক্ত না হলেও হাসপাতালে ভর্তি ১৩০
গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে কোনো হাম রোগী শনাক্ত হয়নি। তবে চলতি বছর এ পর্যন্ত মোট ১ হাজার ৯৫ জনের হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেটে ৪২২, সুনামগঞ্জে ৩৫৭, হবিগঞ্জে ১৫৮ এবং মৌলভীবাজারে ১৫৮ জন রয়েছেন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১৩০ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৫২, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৫০, কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৯, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৮, বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৩ এবং ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন ভর্তি হয়েছেন।
মালয়েশিয়ায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম সিলেটের হিরা
বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম ও হাম সন্দেহে মোট ৫৩৫ জন চিকিৎসাধীন রয়েছেন।
সূত্র: সিলেট বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ের তথ্য ও সিলেটভিউ২৪ডটকমের প্রতিবেদন অবলম্বনে।