
আব্দুল আলিম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ মাত্র একশত চল্লিশ টাকার খাবার খেয়ে ফ্রিতে মোটরসাইকেল পেল অটোচালক ফজলে রাব্বী (৩০) নামে এক যুবক। শুনতে অবাক লাগলেও এটাই সত্য। নওগাঁর সাপাহারে খাবার হোটেল “সেভেন স্টার” এর শুভ উদ্বোধন উপলক্ষে এক র্যাফেল ড্র আয়োজন করে এম ফুড বাংলা চাইনিজ হোটেল এন্ড রেষ্টুরেন্ট।
বুধবার বিকেল সাড়ে ৪ টায় উপজেলা সদরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে সেই র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। উক্ত র্যাফেল ড্র’তে ৩০ টি পুরস্কারের মধ্যে প্রথম পুরস্কার হিসেবে বাজাজ কোম্পানির একটি ১০০ সিসি’র সিটি মোটরসাইকেল পান পত্নীতলা উপজেলার আমন্ত ঝগড়ী জামালপুর গ্রামের ইমাকুলের ছেলে অটোচালক ফজলে রাব্বী। এসময় প্রথম পুরস্কারের কুপনের পিছনে থাকা মোবাইল নাম্বারে ফোন করে বিষয়টি তাকে জানানো হয়। পরে রাত ৮ টার দিকে মোটরসাইকেলটি নিতে ফজলে রাব্বী, শিহাড়া ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানসহ ১০/১২ জন আসেন মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে। এসময় মোটরসাইকেলের চাবীসহ কাগজপত্র রাব্বীর হাতে হস্তান্তর করেন জেলা পরিষদ সদস্য (সংরক্ষিত-১) ও এম ফুড বাংলা চাইনিজ হোটেল এন্ড রেষ্টুরেন্ট এবং হোটেল সেভেন স্টারের স্বত্তাধিকারী ইস্ফাত জেরিন মিনা।
ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন, অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ন কবীর, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ওমর আলী মোল্লা, সাপাহার সদর ইউপির সাবেক চেয়ারম্যান আকবর আলীসহ স্থানীয় সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ।