সিলেট নগরীর সোবহানীঘাট এলাকায় কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে ৫ কেজি ৫০ গ্রাম গাঁজা ও একটি মোটরসাইকেলসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (৪ অক্টোবর) সন্ধ্যার দিকে কোতোয়ালী মডেল থানাধীন চালিবন্দর পয়েন্টে চেকপোস্ট পরিচালনা করছিলেন সোবহানীঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শিপলু চৌধুরী, এএসআই নাজমুল হক প্রধানসহ পুলিশের একটি দল।
পুলিশ জানায়, এ সময় মেন্দিবাগ থেকে সোবহানীঘাটগামী একটি মোটরসাইকেলকে থামার সংকেত দেওয়া হলে চালক সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ ধাওয়া করে সন্ধ্যা ৭টা ২৫ মিনিটের দিকে সোবহানীঘাটের হাজী ফার্মেসির সামনে মোটরসাইকেলটি আটক করে। এ সময় মোটরসাইকেলে থাকা দুই আরোহীকেও আটক করা হয়।
পরে তাদের তল্লাশি করে একটি কালো রঙের ব্যাগের ভেতর স্কচটেপ দিয়ে মোড়ানো দুটি পুটলা থেকে মোট ৫ কেজি ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে একটি মোটরসাইকেল (রেজিস্ট্রেশন: সিলেট মেট্রো-হ-১২-৮৪৭৮) জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—হবিগঞ্জের বাহুবল থানার সুন্দ্রাটিকি গ্রামের মৃত আব্দুর রউফের ছেলে মো. সুমন মিয়া (২৬) এবং সিলেটের দক্ষিণ সুরমা থানার লালাবাজার এলাকার মৃত আমজাদ হোসেন বিশ্বাসের ছেলে আহসান হাবিব (৫২)।
এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(খ)/৩৮/৪১ ধারায় মামলা হয়েছে। গ্রেপ্তার দুজনকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।