আব্দুল আলিম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুর উপজেলার পাড়ইল ইউনিয়নের সাতঘড়া গ্রামের বাসিন্দা মো: নুরুজ্জামান বাবু (৩৫) ইন্তেকাল করেছেন।
রোববার (২৫ অক্টোবর) সকাল ৯টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুম নুরুজ্জামান বাবু মো: আব্দুর রহমানের ছেলে। তিনি ইসলামী ছাত্রশিবিরের সাবেক সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর একজন কর্মী ছিলেন।

নুরুজ্জামান বাবু
রোববার বিকেল সাড়ে ৪টায় সাতঘড়া গ্রামের ফুটবল মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন আল-হেলাল ইসলামী একাডেমি অ্যান্ড কলেজের অধ্যক্ষ মাহবুবুল আলম।
জানাজায় উপস্থিত ছিলেন মো: নওশাদ আলী, মো: আফজাল হোসেন, পাড়ইল ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মো: ফিরোজ আল মোজাহিদ (দুলাল), অধ্যক্ষ মাহবুবুল আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতাকর্মী, আত্মীয়স্বজন ও এলাকাবাসী।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা।