রাইজিংসিলেট- নির্বাচন কমিশনার (ইসি) মো. আবদুর রহমান মাছউদ জানিয়েছেন, জামায়াত মনোনীত প্রার্থীর মৃত্যুর কারণে গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ১৭ অনুচ্ছেদ অনুযায়ী শেরপুর-৩ আসনের নির্বাচন বাতিল করা হয়েছে। এ কারণে আগামী ১২ ফেব্রুয়ারির আগে ওই আসনে পুনরায় নির্বাচনের তফসিল ঘোষণার কোনো আইনগত সুযোগ নেই।
বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ইসি মাছউদ জানান, বর্তমানে সারা দেশে নির্বাচনী দায়িত্ব পালনে ম্যাজিস্ট্রেটরা মাঠে রয়েছেন। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় সংক্ষুব্ধ যে কেউ সরাসরি ‘ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি’-তে অভিযোগ জানাতে পারবেন।
তিনি আরও বলেন, নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তা যদি আইন ভঙ্গ করেন বা কোনো প্রার্থীর প্রতি পক্ষপাতমূলক আচরণ করেন, সেক্ষেত্রেও ইনকোয়ারি কমিটিতে অভিযোগ করা যাবে। অভিযোগ গুরুতর হলে নির্বাচন কমিশন সরাসরি ব্যবস্থা নেবে।
দেশের সামগ্রিক নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে নির্বাচনী পরিবেশ মোটামুটি ভালো রয়েছে। এ অবস্থা বজায় রাখতে সব রাজনৈতিক দলের নেতাকর্মীদের সহযোগিতা কামনা করেন তিনি।
এ সময় ঢাকা-১৭ আসনের এক প্রার্থীর আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অপেশাদার আচরণের প্রসঙ্গ টেনে ইসি মাছউদ বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে দুর্ব্যবহার প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বাহিনীর মনোবল ক্ষুণ্ণ হয়—এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।