রাইজিংসিলেট- নেপালে আকস্মিক বন্যায় জলবিদ্যুৎকেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে সাময়িকভাবে বন্ধ হয়ে গিয়েছিল বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ। পরিস্থিতির উন্নতি হওয়ায় ভারতের সঞ্চালনব্যবস্থা ব্যবহার করে আবারও বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু করেছে দেশটি।
নেপালের সংবাদমাধ্যম দ্য কাঠমান্ডু পোস্টের তথ্য অনুযায়ী, গত ২৩ অক্টোবর সন্ধ্যা থেকে বাংলাদেশে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু হয়েছে।
দর্শনার্থীদের ভিড়ে মুখর সিলেট আন্তর্জাতিক বাণিজ্য মেলা
এর আগে গত আগস্টে ভোতেকোশি নদীতে আকস্মিক বন্যার কারণে দুটি জলবিদ্যুৎকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়। এতে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি সাময়িকভাবে বন্ধ রাখতে হয় নেপালকে।
নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের (এনইএ) ব্যবস্থাপনা পরিচালক দীর্ঘায়ু কুমার শ্রেষ্ঠ জানান, ভারতের কেন্দ্রীয় বিদ্যুৎ কর্তৃপক্ষের অনুমোদন পাওয়ার পর বিকল্প জলবিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করা হয়েছে।
নতুন ব্যবস্থায় সোলু খোলা ও কাবেলী বি-১ জলবিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ পাঠানোর অনুমতি দেওয়া হয়েছে। অন্যদিকে, লোয়ার মোদি খোলা কেন্দ্র থেকে ভারতের হরিয়ানা রাজ্যে বিদ্যুৎ সরবরাহ করা হবে। নতুন কেন্দ্রগুলো আগের নির্ধারিত ত্রিশূলী, চিলিমে ও দেবীঘাট জলবিদ্যুৎকেন্দ্রের পরিবর্তে ব্যবহৃত হচ্ছে।
বন্যা ও সঞ্চালন অবকাঠামোর ক্ষয়ক্ষতির মধ্যেও বিকল্প উৎস থেকে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করতে পারাকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছে নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষ।
বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানির জন্য ২০২৪ সালের ৩ অক্টোবর নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষ ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের মধ্যে পাঁচ বছর মেয়াদি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী, প্রতি বছর ১৫ জুন থেকে ১৫ নভেম্বর পর্যন্ত বাংলাদেশে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করার কথা রয়েছে নেপালের।