আব্দুল আলিম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: আজ বিশ্ব শিক্ষক দিবস। আর এই দিনেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সহকারী শিক্ষক আবু সাইদ। তিনি নওগাঁর সাপাহার উপজেলার আইহাই উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
সোমবার (৫ অক্টোবর) সকাল ১১টার দিকে নিজ এলাকা হতে সাপাহারে আসার পথে উপজেলার খঞ্জনপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে তাঁর মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সাপাহার সরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। রাজশাহী নেওয়ার পথে রওনা হওয়ার কিছুক্ষণ পরই তাঁর মৃত্যু হয়।
মরহুম মোঃ আবু সাঈদ আইহাই উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি উপজেলার সীমান্তবর্তী ঝাড়পুকুর নওপাড়া গ্রামে।
এদিকে তাঁর মৃত্যুতে সাপাহার শিক্ষক সমিতির পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়েছে। শিক্ষক সমিতির নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।