রাইজিংসিলেট- বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুমের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আরও তিন মাস সময় পেয়েছে তদন্ত সংস্থা। আগামী ২৫ জানুয়ারির মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রোববার (২৫ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর বিচারিক প্যানেল এ তারিখ নির্ধারণ করেন। প্যানেলের নেতৃত্বে ছিলেন চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার। অন্য সদস্য ছিলেন বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
এ মামলায় সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসান ও বিমানবাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফ আসামি। শুনানির সময় সাইফুর রহমান ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। নিরাপত্তার কারণে জিয়াউল আহসান কারাগার থেকে ভার্চুয়ালি শুনানিতে অংশ নেন।
প্রতিবেদন দাখিলের জন্য অতিরিক্ত তিন মাস সময় চেয়ে আবেদন করেন প্রসিকিউটর জহিরুল আমিন। শুনানি শেষে আদালত আগামী ২৫ জানুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন।
এর আগে গত ২৩ আগস্ট সাইফুর রহমানের জামিন আবেদন নাকচ করে তাঁকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল। ওই দিনই তদন্ত প্রতিবেদন জমার জন্য ২৫ অক্টোবর তারিখ নির্ধারণ করা হয়েছিল। পরে গত ৯ আগস্ট একই আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। জিয়াউল আহসানকে এর আগেই এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছিল।
ইলিয়াস আলী ছিলেন একজন ত্যাগী, সাহসী ও গণতন্ত্রকামী নেতা-পানি সম্পদ মন্ত্রী
প্রসিকিউশনের ভাষ্য অনুযায়ী, দুই আসামির বিরুদ্ধে তদন্ত সংস্থা একাধিক অভিযোগ পেয়েছে এবং তাঁদের সংশ্লিষ্টতার বিষয়ে সাক্ষ্যপ্রমাণ রয়েছে। ইলিয়াস আলীকে গুমের ঘটনা ছাড়াও বিভিন্ন হত্যাকাণ্ডে তাঁদের সম্পৃক্ততার তথ্য পাওয়ার কথা জানিয়েছে প্রসিকিউশন।
ইলিয়াস আলী অ প হ রণে জিয়াউল আহসানের সম্পৃক্ততা প্রমাণিত: চিফ প্রসিকিউটর
উল্লেখ্য, ২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকার বনানী এলাকা থেকে নিখোঁজ হন বিএনপি নেতা ইলিয়াস আলী। তিনি সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন এবং সিলেট-২ আসন থেকে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।