ছাতক প্রতিনিধি:সুনামগঞ্জের ছাতকে পালপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের দাতা সদস্যদের সংবর্ধনা এবং অবসরপ্রাপ্ত ও বিদায়ী শিক্ষকদের সম্মাননা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে কলেজ তহবিলে ২ লাখ টাকা অনুদানের প্রতিশ্রুতি দিয়েছেন প্রতিষ্ঠানের দাতা সদস্য ও পিটিএ সভাপতি হাজী মো. আশিক মিয়া। একই সঙ্গে পালপুর গ্রামকে ‘ওয়ার্ল্ড ভিলেজ’ বা বিশ্বগ্রাম হিসেবে গড়ে তোলার ঘোষণা দেন তিনি।
সম্প্রতি বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোস্তাবুর রহমান মোস্তাক। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করে নবম শ্রেণির শিক্ষার্থী আরিয়ান আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের বাংলা প্রভাষক ফারজানা ইয়াসমিন।
প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ অবদান রাখায় দাতা সদস্য ও পিটিএ সভাপতি হাজী মো. আশিক মিয়া এবং লন্ডনপ্রবাসী দাতা সদস্য আজিজুর রহমানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে হাজী মো. আশিক মিয়া বলেন, পালপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের উন্নয়ন এবং শিক্ষার পরিবেশ আরও সমৃদ্ধ করতে তিনি কলেজ তহবিলে ২ লাখ টাকা অনুদান দেবেন। তিনি বলেন, “২ লাখ টাকা একটি সংখ্যা মাত্র। আমি এর থেকেও আরও বেশি দেব। আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন।”
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, মনোযোগ ও নিষ্ঠার সঙ্গে লেখাপড়া করে জীবনে প্রতিষ্ঠিত হতে হবে। স্বপ্ন বাস্তবায়নে কঠোর পরিশ্রমের বিকল্প নেই। শিক্ষিত সমাজ গঠনে মায়েদের শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “তোমরা আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাদের একটি শিক্ষিত সমাজ দেব।”
পালপুর গ্রামকে ‘ওয়ার্ল্ড ভিলেজ’ হিসেবে গড়ে তোলার ঘোষণায় অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়।
অনুষ্ঠানের আবেগঘন পর্বে অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা শামসুল ইসলামের দীর্ঘ শিক্ষকতা জীবনের স্মৃতিচারণ করেন সাবেক শিক্ষার্থী ও সহকর্মীরা। এ সময় অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। বক্তারা শিক্ষার্থীদের জীবন গঠনে তাঁর অবদান ও শিক্ষকদের ভূমিকার কথা তুলে ধরেন।
পরে বিভিন্ন সাবেক ব্যাচের শিক্ষার্থীরা মাওলানা শামসুল ইসলামকে ভালোবাসা ও শ্রদ্ধার নিদর্শন হিসেবে নগদ অর্থ উপহার দেন। পাশাপাশি বিদ্যালয় ও কলেজের শিক্ষকদের পক্ষ থেকে তাঁকে ২০ হাজার টাকা প্রদান করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদায়ী শিক্ষক মাওলানা সামদুল ইসলাম, ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনিরুজ্জামান, সি.পি.বি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুর রহমান, পালপুরের সাবেক মেম্বার আকিকুর রহমান, পালপুর জালালিয়া আলিম মাদ্রাসার সাবেক সভাপতি মাহমুদুর রহমান কবির, জনতা মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক রুহুল করিম শিবল, পালপুর জালালিয়া আলিম মাদ্রাসার আরবি প্রভাষক শাহাবুদ্দীন সাহেলহী, তরুণ সমাজসেবক নোমান, একলেমিয়া উচ্চ বিদ্যালয়, বিশ্বনাথের সহকারী শিক্ষক ও সাবেক শিক্ষার্থী আলীম উল্লাহ এবং পালপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের সিনিয়র শিক্ষক একরামুল হক।
এ ছাড়া প্রাক্তন শিক্ষার্থী শহিদ, মহিবুল ইসলাম টিপু, মাহমুদুল চিপুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুবসমাজ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী, দাতা ও প্রাক্তন শিক্ষার্থীদের সম্মিলিত ভূমিকা গুরুত্বপূর্ণ। সবার আন্তরিক সহযোগিতা অব্যাহত থাকলে পালপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ আরও এগিয়ে যাবে।
দাতাদের প্রতি কৃতজ্ঞতা এবং বিদায়ী শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।