ছাতক প্রতিনিধি:সুনামগঞ্জের ছাতকে অভিযান চালিয়ে ৯০টি ভারতীয় শাড়ি ও একটি সিএনজিচালিত অটোরিকশাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা শাড়ির আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৬০ হাজার টাকা এবং সিএনজিচালিত অটোরিকশার মূল্য ৩ লাখ টাকা। সব মিলিয়ে জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ৬ লাখ ৬০ হাজার টাকা।
পুলিশ সূত্রে জানা যায়, ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.কামাল হোসেন, পিপিএমের দিকনির্দেশনায় এসআই (নিরস্ত্র) মো. আবদুল জলিলের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। গত ৭ নভেম্বর ২০২৬ তারিখে ছাতক-গোবিন্দগঞ্জ মহাসড়কের পূর্ব পাশে কালারুকা ইউনিয়নের মাধবপুর এলাকায় মান্নান মিয়ার বাড়ির সামনে রাস্তা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার উত্তর কুলাউড়া গ্রামের আবদুল জলিলের ছেলে মো. জুবায়ের (২০) এবং একই উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাগমারা গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে শেখ আবদুল্লা (২১)। শেখ আবদুল্লা পেশায় সিএনজিচালিত অটোরিকশার চালক।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের হেফাজতে থাকা সিএনজিচালিত অটোরিকশা থেকে তিনটি প্লাস্টিকের বস্তায় রাখা বিভিন্ন রঙের ৯০টি ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়। প্রতিটি বস্তায় ৩০টি করে শাড়ি ছিল। উদ্ধার করা প্রতিটি শাড়ির আনুমানিক মূল্য ৪ হাজার টাকা হিসেবে মোট মূল্য দাঁড়ায় ৩ লাখ ৬০ হাজার টাকা। এ ছাড়া শাড়ি পরিবহনে ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশাটিও জব্দ করা হয়েছে।
এ ঘটনায় এসআই মো. আবদুল জলিল বাদী হয়ে ছাতক থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫বি(১)(বি)(২)/২৫ডি ধারায় মামলা দায়ের করেছেন। মামলাটি ৮ নভেম্বর ২০২৬ তারিখে ছাতক থানার মামলা নং ১৫ হিসেবে নথিভুক্ত করা হয়েছে।
ছাতক থানার অফিসার ইনচার্জ মো. কামাল হোসেন, পিপিএম জানান, গ্রেপ্তার দুই আসামিকে যথাযথ পুলিশি নিরাপত্তায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।