নতুন সমস্যায় পড়েছে ভারতীয় পুরুষ ক্রিকেট দল। দলের কয়েকজন ক্রিকেটার এখনও সঠিক মাপের কিট না পাওয়ায় তৈরি হয়েছে অনিশ্চয়তা। বিষয়টি সমাধানে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের (আইওএ) কিট প্রস্তুতকারী সংস্থার সঙ্গে যোগাযোগ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, রোববার ভোরে এশিয়ান গেমসের জন্য জাপানের উদ্দেশে রওনা হওয়ার কথা ভারতীয় দলের। এর আগে দলের কয়েকজন ক্রিকেটারের কিটের মাপসংক্রান্ত সমস্যা পুরোপুরি সমাধান হয়নি। আইওএর এক সূত্র জানিয়েছে, বেশিরভাগ ক্রিকেটারের সমস্যার সমাধান হয়েছে। বাকি কিটগুলোও দ্রুত পাঠানো হচ্ছে।জাপান সফরে ভারতীয় ক্রিকেটারদের দুটি ভিন্ন জার্সি পরতে হবে। ২২ সেপ্টেম্বর স্বাগতিক জাপানের বিপক্ষে ঐতিহাসিক টি-টোয়েন্টি ম্যাচে ভারতের প্রচলিত জার্সিতে খেলবেন শ্রেয়স আইয়াররা।
এরপর ২৮ সেপ্টেম্বর থেকে এশিয়ান গেমসের ম্যাচগুলোতে অংশ নেবেন তারা। সেসব ম্যাচে ব্যবহার করতে হবে এশিয়ান গেমসের অফিসিয়াল কিট।আইওএর ওই কর্মকর্তা বলেন, ক্রিকেটারদের কিটের মাপ নিয়ে সমস্যা হয়েছিল। বেশিরভাগ সমস্যার সমাধান হয়ে গেছে, আর কিছু কিট বাকি রয়েছে। দ্রুত সেগুলোও পাঠানো হবে।এদিকে নাগোয়ায় ভারতীয় অ্যাথলেটদের থাকার ব্যবস্থা নিয়েও এরই মধ্যে অভিযোগ উঠেছে।
বিষয়টি বিবেচনায় নিয়ে পুরুষ ক্রিকেট দলের জন্য আলাদা হোটেলের ব্যবস্থা করার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। তবে ভারতীয় নারী ক্রিকেট দল আইওএর নির্ধারিত হোটেলেই থাকবে।এশিয়ান গেমস শুরুর আগেই ক্রিকেটারদের আবাসন ও মাঠের পরিকাঠামো নিয়ে আপত্তি জানিয়েছিল বিসিসিআই। ক্রিকেটারদের জন্য পাঁচতারকা হোটেল এবং আলাদা কক্ষের ব্যবস্থা না থাকায় তৈরি হয়েছিল বিতর্ক।
এবার সেই তালিকায় যুক্ত হলো কিটের মাপসংক্রান্ত সমস্যা।জাপানের উদ্দেশে দল রওনা হওয়ার আগেই বাকি কিটের সমস্যার সমাধান হয় কি না, এখন সেটিই দেখার বিষয়।