গোয়াইনঘাট প্রতিনিধি:ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক হওয়ার প্রায় দুই বছর পর দেশে ফিরেছেন বাংলাদেশি নাগরিক রজব আলী (৬২)।
২৯ অক্টোবর বৃহস্পতিবার সিলেটের তামাবিল ইমিগ্রেশন চেকপোস্টের মাধ্যমে আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।
হস্তান্তর পক্রিয়ার তথ্য থেকে জানা যায়, ২০২৪ সালের জানুয়ারি মাসে সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বড়ছড়া সীমান্ত এলাকা দিয়ে ভারতে অবৈধভাবে প্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাকে আটক করে। পরে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।
দীর্ঘ আইনি প্রক্রিয়া ও দুই দেশের মধ্যে প্রত্যাবাসন প্রক্রিয়া শেষে দুপুর ১টা ৪৫ মিনিটে তামাবিল ইমিগ্রেশন কর্তৃপক্ষ গোয়াইনঘাট থানা পুলিশের উপস্থিতিতে তাকে তার অভিভাবকের কাছে হস্তান্তর করে।
প্রত্যাবাসিত রজব আলী সুনামগঞ্জ সদর উপজেলার মাইজবাড়ী গ্রামের বাসিন্দা। তিনি মৃত আক্তার আলীর ছেলে।
তামাবিল ইমিগ্রেশন সূত্র জানায়, প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে তাকে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।