ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ ছাতকের হাইলকেয়ারী পশ্চিমপাড়া সারংবাড়ীর উদ্যোগে ৮ম বার্ষিক ওয়াজ মাহফিল ও খতমে কুরআন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকাল ২টা থেকে মধ্যরাত পর্যন্ত সারংবাড়ী প্রাঙ্গণে কবিরাজ আলতাব আলীর আয়োজনে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
হাইলকেয়ারী পশ্চিমপাড়া জামে মসজিদের মুতাওয়াল্লী সোনাহর আলীর সভাপতিত্বে ও হাফিজ আলী আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ ওয়াজ ও নসিহত পেশ করেন-
বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মিষ্টবাসী বক্তা হযরত মাওলানা সুলাইমান আহমদ জাবেরী, সুনামগঞ্জী ।
মাহফিলে আরও ওয়াজ পেশ করেন হযরত মাওলানা তজম্মুল আলী,আমবাড়ী, সুনামগঞ্জ, হযরত মাওলানা কুতুবুল আলম, কালারুকা ছাতক, হযরত মাওলানা হাম্মাদ আল ফুয়াদ,সুনামগঞ্জ, হাফিজ মাওলানা আসাদুজ্জামান সাকিব আহমেদ সুনামগঞ্জ এবং হাফিজ ক্বারী আশরাফুল ইসলাম, ফুলপুর, ময়মনসিংহ।
প্রধান অতিথির বক্তব্যে হযরত মাওলানা সুলাইমান আহমদ জাবেরী পিতা-মাতার অধিকার ও তাঁদের প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে পবিত্র কুরআন ও হাদিসের আলোকে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, পিতা-মাতা সন্তানের জন্য মহান আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ নিয়ামত। তাঁদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, আনুগত্য ও উত্তম আচরণ করা প্রত্যেক সন্তানের নৈতিক ও ধর্মীয় দায়িত্ব। পিতা-মাতার খেদমত, তাঁদের সন্তুষ্টি অর্জন এবং তাঁদের জন্য দোয়া করার গুরুত্বও তিনি উপস্থিত মুসল্লিদের সামনে তুলে ধরেন।
তিনি আরও বলেন, পিতা-মাতার সঙ্গে সদাচরণ করা ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা। তাঁদের অবহেলা বা কষ্ট দেওয়া থেকে বিরত থেকে জীবনের প্রতিটি ক্ষেত্রে তাঁদের সম্মান ও মর্যাদা রক্ষা করতে হবে।
দিনব্যাপী এ ধর্মীয় আয়োজনে কুরআন তেলাওয়াত, খতমে কুরআন এবং বিশিষ্ট আলেম-ওলামাদের গুরুত্বপূর্ণ ইসলামী আলোচনা ও নসিহতের মাধ্যমে ধর্মীয় পরিবেশের সৃষ্টি হয়। মাহফিলের শেষে মোনাজাত পরিচালনা করেন হাফিজ দেলোয়ার হোসেন।