যে কারণে সিলেটের পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে তুলকালাম কান্ড ।যে কারণে সিলেটের পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে তুলকালাম কান্ডবেতন বৃদ্ধির দাবিতে চতুর্থ শ্রেণির কর্মচারীদের আন্দোলনকে কেন্দ্র করে সিলেটের পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে তুলকালাম কান্ড ঘটেছে।মধ্যস্থতা করতে গিয়ে বিপাকে পড়েন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীও। হাসপাতাল প্রশাসনের কর্মকর্তাদের প্রায় দুইঘন্টা অবরুদ্ধ করে রাখেন কর্মচারীরা।
শনিবার বেলা ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অবরুদ্ধ অবস্থায় ছিলেন তারা।আন্দোলনকারী কর্মচারীরা জানান, বেতন বৃদ্ধির দাবিতে বেশ কয়েকদিন ধরে আন্দোলন করে আসছিল পার্কভিউ হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারীরা। গত ছয় মাস ধরে তারা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে বেতন বৃদ্ধির দাবি জানিয়ে আসছিল।
কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ নানা টালবাহনা করে সময় পার করেন। বেতন বৃদ্ধির দাবিতে তারা গতকাল শনিবার দুপুর থেকে কর্মবিরতি ঘোষণা দিয়ে আন্দোলনে নামেন। খবর পেয়ে সেখানে যান সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। এসময় কয়েকজন আন্দোলনকারী ভুয়া ভুয়া স্লোগান দিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এসময় মারধরের শিকার হন স্লোগান দেওয়া এক কর্মচারী।
একপর্যায়ে প্রশাসনিক ভবনের ফটকে তালা দিয়ে ভেতরে অবস্থান নেন হাসপাতাল কর্তৃপক্ষ। পরে আন্দোলনকারীরা ফটকের সামনে অবস্থান নিলে অবরুদ্ধ হয়ে পড়েন হাসপাতাল প্রশাসনের কর্মকর্তারা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এ ব্যাপারে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী জানান, হাসপাতাল কর্তৃপক্ষের ফোন পেয়ে তিনি ঘটনাস্থলে যান।
কেউ যাতে মব সৃষ্টি করে হাসপাতালের ক্ষতি করতে না পারে সে চেষ্টা তিনি করেছেন। পরে তিনি মধ্যস্থতা করে বিষয়টি নিষ্পত্তি করেছেন।পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. তন্ময় ভট্টাচার্য জানান, আগামী মাস থেকে কর্মচারীদের বেতন বাড়ানো হবে।