রাইজিংসিলেট- কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বাজারে নতুন অ্যাপ ‘মিউজ’ নিয়ে আলোচনায় এসেছে মেটা। বাজারে আসার পর প্রথম ১২ দিনেই অ্যাপটির ডাউনলোড ও ব্যবহারকারীর সংখ্যা উল্লেখযোগ্য পর্যায়ে পৌঁছেছে।
বাজার গবেষণা প্রতিষ্ঠান অ্যাপটোপিয়ার তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও কানাডায় মিউজের আইওএস সংস্করণ প্রায় ১৮ লাখবার ডাউনলোড হয়েছে। একই সময়ে ওই দুই দেশের আইওএস ব্যবহারকারীদের মধ্যে চ্যাটজিপিটি ডাউনলোড হয়েছে প্রায় ১৩ লাখবার।
তবে এই তুলনার ক্ষেত্রে ভৌগোলিক পার্থক্য বিবেচনা করা জরুরি। মিউজ তখন যুক্তরাষ্ট্র ও কানাডায় সীমিতভাবে চালু থাকলেও চ্যাটজিপিটি শুরু থেকেই আরও বেশি দেশে ব্যবহার করা যাচ্ছিল। অ্যাপটোপিয়ার হিসাব অনুযায়ী, বিশ্বজুড়ে প্রথম ১২ দিনে মিউজের মোট ইনস্টল প্রায় ২৮ লাখ।
ব্যবহারের দিক থেকেও মিউজ দ্রুত এগিয়েছে বলে গবেষণা প্রতিষ্ঠানের পরিসংখ্যানে দেখা যায়। প্রথম ১২ দিনে মিউজের দৈনিক সক্রিয় ব্যবহারকারী ছিল আনুমানিক ৬ লাখ ৪২ হাজার। একই সময়ে চ্যাটজিপিটির দৈনিক সক্রিয় ব্যবহারকারী ছিল প্রায় ২ লাখ ৩১ হাজার।
মিউজের জনপ্রিয়তার পেছনে মেটার বড় সামাজিক যোগাযোগমাধ্যম নেটওয়ার্কও ভূমিকা রাখতে পারে। অ্যাপটির সঙ্গে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপসহ মেটার বিভিন্ন সেবার সংযোগের সুযোগ রয়েছে।
অ্যাপটোপিয়ার তথ্য বলছে, মিউজের প্রাথমিক ব্যবহারকারীদের বড় একটি অংশ আগে থেকেই মেটার সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করেন। ফলে বিদ্যমান ব্যবহারকারী নেটওয়ার্ক নতুন এআই অ্যাপটির দ্রুত পরিচিতি ও গ্রহণযোগ্যতা তৈরিতে সহায়ক হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এআই অ্যাপের বাজারে প্রতিযোগিতা বাড়ার সঙ্গে সঙ্গে ব্যবহারকারীদের জন্য নতুন নতুন সুবিধা ও সেবার সুযোগও তৈরি হচ্ছে। মিউজের দ্রুত উত্থান সেই প্রতিযোগিতাকে আরও জোরালো করেছে।