সিলেটের কোম্পানীগঞ্জে বালুভর্তি একটি ট্রাকের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২৪৮১ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ট্রাকের চালক ও তার সহকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট-ভোলাগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কোম্পানীগঞ্জ উপজেলা গেট এলাকায় চেকপোস্টে অভিযান চালিয়ে এসব মদ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেকের দিকনির্দেশনায় গোয়াইনঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল নোমানের সার্বিক তত্ত্বাবধানে এবং কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. উছমান গনির প্রত্যক্ষ নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। পুলিশ পরিদর্শক (তদন্ত) সুজন চন্দ্র কর্মকারসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা চেকপোস্টে একটি বালুভর্তি ট্রাক থামিয়ে তল্লাশি চালান।
আটক ট্রাকটির নম্বর ঢাকা মেট্রো-ন-১৩-৭৬৩৪। তল্লাশির একপর্যায়ে ট্রাকের বালুর নিচে লুকিয়ে রাখা ৭১টি বস্তা পাওয়া যায়। এসব বস্তা থেকে বিভিন্ন ব্র্যান্ডের মোট ২৪৮১ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। পুলিশের হিসাব অনুযায়ী উদ্ধার করা মদের আনুমানিক বাজারমূল্য ৬২ লাখ ৮৭ হাজার টাকা।
এ ঘটনায় ট্রাকের চালক মো. কামরুল ইসলাম (৩০) এবং তার সহকারী মো. রুহুল আমিন (৩০)-কে আটক করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, উদ্ধার করা মদ জব্দ করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।