সিলেট প্রতিনিধি- সিলেটের সঙ্গে যুক্তরাজ্যের সরাসরি আকাশপথে যোগাযোগ চালুর দাবি জানিয়েছেন ব্রিটিশ পার্লামেন্টের সদস্য ও সিলেটি বংশোদ্ভূত আফসানা বেগম। পাশাপাশি প্রবাসীদের সম্পত্তি সুরক্ষা, বিমানবন্দরে হয়রানি বন্ধ এবং নারীর ক্ষমতায়ন নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করেছেন তিনি।
শুক্রবার (৯ অক্টোবর) সিলেটের খাদিমনগরে ব্র্যাক লার্নিং সেন্টারে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে এসব দাবি তুলে ধরেন আফসানা বেগম। ‘Roots and Routes: Bangladesh’s Present & Future and Contribution of UK Migrants’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করে ব্র্যাক।
আফসানা বেগম যুক্তরাজ্য পার্লামেন্টের ‘অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপ অন বাংলাদেশ’-এর চেয়ার এবং পপলার অ্যান্ড লাইমহাউস আসনের সংসদ সদস্য। তাঁর নেতৃত্বে যুক্তরাজ্যের তিন সদস্যের একটি সংসদীয় প্রতিনিধি দল বর্তমানে সিলেট সফর করছে। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন লর্ড কুরবান হুসাইন ও সংসদ সদস্য শওকত আদম।
বৈঠকে আফসানা বেগম বলেন, যুক্তরাজ্যে বসবাসরত সিলেটি প্রবাসীরা বিভিন্ন সময়ে তাঁদের জমি দখল এবং বিমানবন্দরে হয়রানির বিষয়ে অভিযোগ জানিয়েছেন। এসব সমস্যা সমাধানে তিনি সিলেট সিটি করপোরেশনের প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই দেশে আসার পর তাঁদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করা এবং কোনো ধরনের হয়রানি থেকে সুরক্ষা দেওয়া সবার দায়িত্ব।
তিনি জানান, প্রবাসীদের বৈধ সম্পত্তি অবৈধভাবে দখলের অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। জমি নিয়ে কোনো বিরোধ বা দখলের ঘটনা ঘটলে সিটি করপোরেশন, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কাজ করবে।
সিলেট-যুক্তরাজ্য সরাসরি বিমান যোগাযোগের বিষয়ে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েসংক্রান্ত সমস্যা সমাধানে সরকার প্রকল্প গ্রহণ করেছে। এ সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব হলে লন্ডন-সিলেট রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পাশাপাশি অন্যান্য এয়ারলাইনসের ফ্লাইট চালুর উদ্যোগ নেওয়া হবে। এতে সিলেটের বাসিন্দা ও প্রবাসীদের যাতায়াত আরও সহজ হবে।
বাংলাদেশ ও যুক্তরাজ্যের ঐতিহাসিক সম্পর্কের প্রসঙ্গ তুলে তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতাসংগ্রাম এবং পরবর্তী অর্থনৈতিক অগ্রযাত্রায় যুক্তরাজ্যের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিকে শক্তিশালী করতেও উল্লেখযোগ্য অবদান রাখছে।
নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে সিসিক প্রশাসক বলেন, শিক্ষা ও কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বাড়াতে ধারাবাহিক উদ্যোগ প্রয়োজন। নারীশিক্ষা, বৃত্তি এবং বিভিন্ন পেশায় নারীদের সুযোগ সম্প্রসারণের মাধ্যমে তাঁদের নেতৃত্বের পরিসর আরও বিস্তৃত করা সম্ভব। তাঁর মতে, নারীর ক্ষমতায়ন যত বাড়বে, দেশের উন্নয়নও তত গতিশীল হবে। শহীদ জিয়া ও খালেদা জিয়ার মাজার জিয়ারত করেছেন সিলেট জেলা ও মহানগর যুবদল
অনুষ্ঠানে সিলেটের প্রশাসন, পুলিশ, শিক্ষাপ্রতিষ্ঠান, গণমাধ্যম, ব্যবসায়ী সংগঠন ও বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। তাঁদের মধ্যে ছিলেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, পুলিশ সুপার ডা. চৌধুরী মো. জাবের সাদেক, মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক এবং সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস-উন-নূরসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্র্যাকের সিনিয়র ডিরেক্টর কেএএম মোর্শেদ। সিলেটে বর্ণাঢ্য আয়োজনে আইএফআইসি ব্যাংকের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
প্রতিবেদনের মূল বিষয়: সিলেট-যুক্তরাজ্য সরাসরি ফ্লাইট চালু, প্রবাসীদের সম্পত্তি সুরক্ষা, বিমানবন্দরে হয়রানি প্রতিরোধ এবং নারীর ক্ষমতায়ন।