রাইজিংসিলেট: সিলেট নগরীতে চলমান সড়ক উন্নয়ন ও সংস্কার প্রকল্পের কাজের অগ্রগতি এবং নির্মাণের মান যাচাই করতে রাতেই বিভিন্ন এলাকা ঘুরে দেখেছেন শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
শুক্রবার (৬ নভেম্বর) রাত প্রায় ১১টার দিকে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে নিয়ে তিনি নগরীর গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক পরিদর্শন করেন।
পরিদর্শনের প্রথম পর্যায়ে মন্ত্রী কুশিঘাট এলাকায় যান। সেখানে আধুনিক পদ্ধতিতে এসফল্ট ব্যবহার করে সড়ক সংস্কার ও কার্পেটিংয়ের কাজ চলতে দেখেন। এ সময় প্রকল্পের অগ্রগতি এবং ব্যবহৃত নির্মাণসামগ্রীর গুণগত মান সম্পর্কে সংশ্লিষ্টদের কাছ থেকে বিস্তারিত তথ্য নেন।
সড়ক নির্মাণে গুণগত মান নিশ্চিত করার নির্দেশ দিয়ে মন্ত্রী বলেন, উন্নয়নকাজে কোনো ধরনের অনিয়ম কিংবা নিম্নমানের উপকরণ ব্যবহারের সুযোগ নেই। নির্ধারিত সময়সীমার মধ্যে কাজ সম্পন্ন করতে ঠিকাদার ও প্রকৌশলীদের প্রয়োজনীয় নির্দেশনাও দেন তিনি।
পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে খন্দকার আব্দুল মুক্তাদির জানান, জনগণের জীবনমান উন্নয়ন এবং টেকসই অবকাঠামো গড়ে তোলাকে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। সিলেটবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নে শিগগিরই একাধিক বড় প্রকল্প গ্রহণের পরিকল্পনা রয়েছে।
সিলেটসহ বিভিন্ন এলাকায় চার দিন গ্যাসের চাপ কম থাকতে পারে
পরে মন্ত্রী নগরীর উপশহর এলাকায় যান। সেখানে সদ্য নির্মিত এসফল্টের সড়কে ট্রাফিক সিগন্যাল ও দিকনির্দেশনামূলক সড়কচিহ্ন অঙ্কনের কাজ পরিদর্শন করেন। যানবাহন ও পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে এসব কাজ দ্রুত এবং যথাযথভাবে শেষ করার ওপর গুরুত্ব দেন তিনি।
এ সময় সিসিক প্রশাসক নগরীর চলমান উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, সিলেটকে আধুনিক, পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে সিটি কর্পোরেশন বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে নগরীর সব ওয়ার্ডে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার চেষ্টা অব্যাহত রয়েছে।
৭৭ জেলা এবং মহানগর শাখার আমিরের নাম ঘোষণা সিলেট হাবীবুর ও ফখরুল
পরিদর্শনকালে সিসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী রজি উদ্দিন খান ও শামসুল হক পাটোয়ারী, নির্বাহী প্রকৌশলী সুমন চন্দ্র দেবসহ সংশ্লিষ্ট বিভাগের প্রকৌশলী এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।