রাইজিংসিলেট- এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামী ৪ থেকে ৭ নভেম্বর পর্যন্ত সিলেটসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহে স্বাভাবিকের তুলনায় চাপ কম থাকতে পারে। এতে বাসাবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও শিল্পকারখানায় গ্যাস ব্যবহারে সাময়িক ভোগান্তির আশঙ্কা রয়েছে।
সিলেটে চার লেনে হচ্ছে এয়ারপোর্ট রোড, চা-বাগানের ভেতর দিয়ে নতুন সড়কের পরিকল্পনা
জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের ২ নভেম্বর প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ৪ নভেম্বর বুধবার সকাল ৮টা থেকে ৭ নভেম্বর শনিবার বিকেল ৪টা পর্যন্ত এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণ কার্যক্রমের জন্য গ্যাস পুনরায় গ্যাসে রূপান্তর করে সরবরাহের প্রক্রিয়া (রিগ্যাসিফিকেশন) বন্ধ থাকবে।
এ কার্যক্রম বন্ধ থাকায় জাতীয় গ্যাস সরবরাহ ব্যবস্থায় প্রভাব পড়তে পারে। এর ফলে জালালাবাদ গ্যাসের আওতাধীন এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে গ্যাসের চাপ কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
এই পরিস্থিতিতে আবাসিক গ্রাহকদের পাশাপাশি বাণিজ্যিক প্রতিষ্ঠান ও শিল্পকারখানার গ্যাস ব্যবহারেও সাময়িক অসুবিধা দেখা দিতে পারে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট ডায়াবেটিস গলি ইউনিট যুবদলের খাদ্যসামগ্রী বিতরণ
সাময়িক এই সমস্যার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ। একই সঙ্গে পরিস্থিতি মোকাবিলায় সবার সহযোগিতা কামনা করা হয়েছে।
সূত্র: জালালাবাদ গ্যাসের গণবিজ্ঞপ্তি।