সিলেটের প্রতিটি ইউনিয়নের একটি করে প্রধান সড়কের নাম বদলে যাচ্ছে। গ্রাম পুলিশ সদস্যদের অবদানের স্বীকৃতি দিতে এসব সড়কের নাম ‘গ্রাম পুলিশ সড়ক’ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শুধু সড়কের নামকরণই নয়, এর পাশে অন্তত এক হাজার গাছ লাগিয়ে গড়ে তোলা হবে ‘গ্রাম পুলিশ সামাজিক বনায়ন’।
এ বনায়ন থেকে অর্জিত লভ্যাংশের ৪০ শতাংশ পাবেন সংশ্লিষ্ট ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যরা।সম্প্রতি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এ বিষয়ে নির্দেশনা জারি করেছে। কর্মসূচি বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দেশের উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) চিঠি পাঠানো হয়েছে। চিঠির অনুলিপি বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালকদের কাছেও পাঠানো হয়েছে।
সিলেটের প্রতিটি ইউনিয়নে চিঠি প্রেরণের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ডিডিএলজি) মাহমুদা সুলতানা। তিনি বলেন, ‘স্থানীয় সরকার বিভাগ থেকে সরাসরি প্রতিটি উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) কাছে চিঠি প্রেরণ করা হয়েছে। তারা খুব শীগ্রই সরকারের এই কর্মসূচি বাস্তবায়নের অগ্রগতি ও সম্পন্ন হওয়ার বিষয়টি স্থানীয় সরকার বিভাগকে অবহিত করবেন।মন্ত্রণালয়ের নির্দেশনায় উল্লেখ করা হয়, গত ৭ নভেম্বর জাতীয় প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে ‘গ্রাম পুলিশ মহাসমাবেশ-২০২৬’ অনুষ্ঠিত হয়। ওই সমাবেশে গ্রামীণ জনপদে দিনরাত আইনশৃঙ্খলা রক্ষা এবং মানুষের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে গ্রাম পুলিশ সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতিস্বরূপ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়।
সিদ্ধান্তের অংশ হিসেবে দেশের প্রতিটি ইউনিয়নের একটি প্রধান সড়ক ‘গ্রাম পুলিশ সড়ক’ নামে নামকরণ করতে বলা হয়েছে। একই সঙ্গে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্যদের মাধ্যমে ওই সড়কের দুই পাশে বা সংলগ্ন এলাকায় কমপক্ষে এক হাজার গাছ রোপণ করতে হবে। এসব গাছ ‘গ্রাম পুলিশ সামাজিক বনায়ন’ কর্মসূচির আওতায় পরিচর্যা ও পরিচালনা করা হবে।নির্দেশনা অনুযায়ী, বনায়ন থেকে অর্জিত লভ্যাংশের ৪০ শতাংশ সংশ্লিষ্ট ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে বিতরণ করা হবে। অবশিষ্ট ৬০ শতাংশ ব্যয় করতে হবে ওই ইউনিয়নের পরিবেশবান্ধব বিভিন্ন কার্যক্রমে।স্থানীয় সরকার বিভাগের চিঠিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নিজ নিজ উপজেলার সব ইউনিয়নে অগ্রাধিকার ভিত্তিতে এ কর্মসূচি বাস্তবায়নের ব্যবস্থা নিতে বলা হয়েছে। পাশাপাশি কর্মসূচি বাস্তবায়নের অগ্রগতি ও সম্পন্ন হওয়ার বিষয়টি স্থানীয় সরকার বিভাগকে অবহিত করার নির্দেশনাও দেওয়া হয়েছে।