সিলেটের গোয়াইনঘাটে রাতভর বিশেষ অভিযান চালিয়ে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৯ জন আসামিকে গ্রেপ্তার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) গোয়াইনঘাট থানা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুকের দিকনির্দেশনায় এসআই (নিরস্ত্র) গোলাম ফাত্তাহ মুর্শেদ চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল থানা এলাকায় রাতভর বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় রাতারগুল সোহেল স্কয়ার রিসোর্টের ঘটনায় দায়ের করা গোয়াইনঘাট থানার মামলা নং-১১/৩৫০,১১ নভেম্বর ২০২৬, সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধিত ২০১৩)-এর বিভিন্ন ধারায় তদন্তে প্রাপ্ত ৯ জন আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন-ইমরান আহমদ (৩০), গোয়াইনঘাট সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক; মো. শাহীন আহমদ (৪৪), উপজেলা শ্রমিক লীগের সেক্রেটারি; আব্দুল করিম (৬৩), ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি; মো. ইসমাইল আহমদ ওরফে ইয়াছিন আরাফাত (২৩), পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রলীগের সদস্য; আমির উদ্দিন (২৯), উপজেলা ছাত্রলীগের সহসভাপতি; ফারুক আহমদ (৪২), পশ্চিম জাফলং ইউনিয়ন যুবলীগের সদস্য ও ইউপি সদস্য; মস্তাক আহমদ (৩৮), উপজেলা তাঁতী লীগের সহসভাপতি; মঞ্জুর রহমান (৩২), উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এবং লিটন সাওতাল (৪০), ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য।
পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গ্রেপ্তার ব্যক্তিরা মামলার আসামি। অভিযোগের বিষয়ে আদালতে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।