ঢাকাThursday , 12 November 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

পোশাক শ্রমিকদের জন্য তিন মাসের ওএমএস কার্যক্রম শুরু করতে যাচ্ছে সরকার

rising sylhet
rising sylhet
November 12, 2026 4:29 pm
Link Copied!

ads

পোশাক শ্রমিকদের জন্য তিন মাসের ওএমএস কার্যক্রম শুরু করতে যাচ্ছে সরকার। এ কর্মসূচির আওতায় একজন শ্রমিক ৩০ টাকা দরে মাসে ১০ কেজি চাল কিনতে পারবেন। কর্মসূচি বাস্তবায়নে চলতি ২০২৬-২৭ অর্থবছরের সংশ্লিষ্ট বাজেট খাত থেকে অতিরিক্ত অর্থ বরাদ্দ চেয়ে অর্থ সচিবের কাছে চিঠি পাঠিয়েছে খাদ্য মন্ত্রণালয়।খাদ্য মন্ত্রণালয় প্রাথমিকভাবে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রামের মতো দেশের প্রধান প্রধান পোশাক শিল্পাঞ্চলগুলোতে এই বিশেষ ওএমএস উদ্যোগ পরিচালনার পরিকল্পনা গ্রহণ করেছে।

 

 

 

 

এই কার্যক্রম সফলভাবে পরিচালনার জন্য ৪,৫০০ টন চালের অতিরিক্ত বরাদ্দ এবং ট্রাক পরিচালনা, পরিবহনসহ আনুষঙ্গিক ব্যয়ের তহবিল চেয়ে অর্থ মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে খাদ্য মন্ত্রণালয়। গত ১১ নভেম্বর অর্থ বিভাগে পাঠানো চিঠিতে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট থেকে এ অর্থ বরাদ্দের অনুরোধ জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়।খাদ্য মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, প্রতি শুক্রবার শ্রমিকদের সাপ্তাহিক ছুটির দিনে ৭৫টি খোলা ট্রাকে চাল বিক্রি করা হবে।

 

 

 

 

 

প্রতি ট্রাকে ৫ মেট্রিক টন হিসাবে, এক দিনে মোট ৩৭৫ মেট্রিক টন চাল বিক্রির পরিকল্পনা রয়েছে। পোশাকখাতের শীর্ষ ব্যবসায়ী সংগঠনগুলোর সাথে আলোচনার ভিত্তিতে, একজন শ্রমিক যাতে মাসে একবারই চাল নেন—সেটি তদারকিতে সহায়তা করবেন কারখানা মালিকেরা।তবে এই পুরো সামাজিক নিরাপত্তা কর্মসূচির যাবতীয় আর্থিক চাপ বা পরিচালন ব্যয় এককভাবে বহন করবে সরকার। খাদ্য মন্ত্রণালয়ের সাধারণ ওএমএস পরিচালন বিধি অনুযায়ী, চালের সরকারি ক্রয়মূল্য ও বিক্রয় মূল্যের মধ্যকার ব্যবধানের ওপর ভিত্তি করে প্রতি কেজিতে সরকার প্রায় ১৮ থেকে ১৯ টাকা সরাসরি ভর্তুকি দিয়ে থাকে।

 

 

 

 

২০২৬–২৭ আমন মৌসুমে সরকার মিলারদের কাছ থেকে প্রতি কেজি সেদ্ধ চাল ৪৯ টাকা এবং আতপ চাল ৪৮ টাকা দরে সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে। ওএমএস কর্মসূচির আওতায়, সাধারণ মানুষের কাছে প্রতি কেজি চাল ৩০ টাকা দরে বিক্রি করা হয়। সেদ্ধ চালের সরকারি দর হিসাব করলে ৪,৫০০ টন চালের দামের সরাসরি ব্যবধানই দাঁড়ায় অন্তত ৮.৫৫ কোটি টাকা। এর সঙ্গে পরিবহন, গুদামজাতকরণ, অপচয় ও ডিলার কমিশন যুক্ত হলে প্রকৃত ভর্তুকির পরিমাণ আরও কিছুটা বাড়ে।তবে এই ভর্তুকির কোনো অংশ পোশাকখাতের মালিকরা বহন করবেন না।

 

 

 

 

জনগণের করের টাকায় সরকার শ্রমিকদের জন্য এই ভর্তুকি দেবে।খাদ্য মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে টিবিএসকে বলেন, উচ্চ মূল্যষ্ফীতি, শ্রমিক আন্দোলন ও সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় এই বিশেষ ওএমএস কর্মসূচি নেওয়া হয়েছে। কবে থেকে এই কর্মসূচির চাল মাঠে যাবে, সেটি এখনও চুড়ান্ত হয়নি। তবে দ্রুতই চালু করা হবে।সাভার, আশুলিয়া, মিরপুর ও গাজীপুরের মতো পোশাকখাতের প্রধান শিল্পাঞ্চলগুলোতে শ্রমিকদের টানা সড়ক অবরোধ, কারখানা ভাঙচুর ও বিক্ষোভের পর সরকারের পক্ষ থেকে এই ঘোষণা এল।

ads

 

 

 

 

বর্তমানে বহাল থাকা ১২,৫০০ টাকা ন্যূনতম মজুরির বিপরীতে খাদ্য, বাড়িভাড়া, যাতায়াত এবং চিকিৎসা ব্যয় বহুগুণ বাড়ায়– ন্যূনতম মজুরি ৩০,০০০ টাকা করার দাবি জানাচ্ছেন পোশাক শ্রমিকরা।বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) গত অক্টোবর মাসের তথ্যে যদিও বলা হয়েছে যে, গেল মাসে সামগ্রিক মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ এবং খাদ্য মূল্যস্ফীতি ৬.৪০ শতাংশে নেমে এসেছে, কিন্তু সাধারণ নিম্ন আয়ের পরিবারগুলোর জন্য খুচরা বাজারের খাদ্যমূল্য এখনো নাগালের বাইরেই থেকে গেছে। বর্তমান বাজার দরের চেয়ে, সরকার নির্ধারিত ৩০ টাকা দরে চাল কিনতে পারলে— একজন শ্রমিক প্রতি কেজিতে বাজারদরের তুলনায় ২০ থেকে ৩৫ টাকা পর্যন্ত সাশ্রয় করতে পারবেন। ফলে মাসে ১০ কেজি চাল কিনলে তার সাশ্রয় হবে ২০০ থেকে ৩৫০ টাকা।

 

 

 

 

 

বেসরকারি গবেষণা সংস্থা– সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ফাহমিদা খাতুন টিবিএসকে বলেন, সরকারের এ উদ্যোগ ইতিবাচক ও সময়োপযোগী। দীর্ঘদিন ধরে চলা উচ্চ মূল্যস্ফীতির কারণে শ্রমিকদের প্রকৃত আয় ও ক্রয়ক্ষমতা কমেছে। এমন পরিস্থিতিতে স্বল্পমূল্যে চালের মতো প্রধান খাদ্যপণ্য সরবরাহ করা হলে শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় কিছুটা কমবে এবং পরিবারের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করবে।

 

 

 

 

 

তবে এ কর্মসূচি বাস্তবায়নে দক্ষতা ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা জরুরি বলে মনে করেন তিনি। তার ভাষায়, শ্রমিকরা দীর্ঘ লাইনে দাঁড়িয়েও যেন চাল না পেয়ে ফিরে না যান, সেটি নিশ্চিত করতে হবে। পাশাপাশি শুধু চাল নয়, ভোজ্যতেল, ডাল ও ডিমের মতো নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যও এ কর্মসূচির আওতায় আনার পরামর্শ দেন তিনি। কারণ, ভোজ্যতেলের দাম এখনো অনেক বেশি। অন্যদিকে ডাল ও ডিম সরবরাহ করা হলে শ্রমিকদের পরিবারের আমিষের চাহিদা পূরণেও সহায়তা হবে।তিনি বলেন, শ্রমিকদের আন্দোলন ও সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সরকার এ উদ্যোগ নিয়ে থাকলেও আমি একে ইতিবাচকভাবেই দেখছি।

 

 

 

 

এটি একদিকে শ্রমিকদের জন্য সাময়িক স্বস্তি দেবে, অন্যদিকে তাদের কাজে ফিরতে উৎসাহিত করে শিল্পে স্থিতিশীলতা ফিরিয়ে আনতেও সহায়তা করতে পারে। এর মধ্য দিয়ে শ্রমিকদের প্রতি সরকারের সহানুভূতিরও প্রকাশ ঘটেছে। তবে সাময়িক খাদ্যসহায়তার পাশাপাশি সরকারকে দীর্ঘমেয়াদি সমাধানের জন্য অবশ্যই একটি ন্যায্য মজুরি কাঠামো নিশ্চিত করতে হবে।বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান বাবু সরকারের এই পদক্ষেপের প্রশংসা করেছেন এবং একই সাথে এই বিশেষ ওএমএস কর্মসূচির সুবিধা—তৈরি পোশাক খাতের বাইরে অন্যান্য খাতের নিম্ন আয়ের অপ্রাতিষ্ঠানিক শ্রমিকদের জন্যও সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।