গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্তে অস্ত্রসহ এক বিএসএফ সদস্য বাংলাদেশের অভ্যন্তরে অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ।স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরের দিকে সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি এলাকায় পর্যটকদের সাথে কথা কাটাকাটি হয় ওই বিএসএফ সদস্যের।
বাকবিতণ্ডার একপর্যায়ে ওই পর্যটকদের মারধর করার উদ্দেশ্যে বাংলাদেশের ২০০গজ অভ্যন্তরে প্রবেশ করেন তিনি। পরবর্তীতে স্থানীয় ও পর্যটকরা মিলে তাকে আটক করে বিছনাকান্দি বিওপি সদস্যদের খবর দেন। বিছনাকান্দির বিওপি সদস্যরা পর্যটন স্থান থেকে তাকে আটক করে ক্যাম্পে নিয়ে যান।
সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ বলেন, মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি এলাকায় অস্ত্রসহ একজন বিএসএফ সদস্য বাংলাদেশ সীমান্তের ২০০ গজ অভ্যন্তরে প্রবেশ করেন। ওই সীমান্তে দায়িত্বে থাকা বিজিবির সদস্যরা তাৎক্ষনিক ওই বিএসএফ সদস্যকে আটক করে তাদের হেফাজতে নেন। তিনি আরও জানান, বর্তমানে আটককৃত বিএসএফ সদস্য বিছনাকান্দি বিওপিতে রয়েছেন। তাদের উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আমাদের কথা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।