সিলেট মহানগরের চালিবন্দর এলাকায় অগ্নিকাণ্ডে চারটি বাস পুড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে সিলেট সরকারি আইন মহাবিদ্যালয়ের (ল’ কলেজ) সামনে রাখা বাসগুলোতে আগুনের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ক্ষতিগ্রস্ত বাসগুলো সিলেট-তামাবিল সড়কে যাত্রী পরিবহনে ব্যবহৃত হতো। ভোরে বাসগুলোতে আগুন জ্বলতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে আনেন।
সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) আফজাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, কারা এবং কী উদ্দেশ্যে বাসগুলোতে আগুন দিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিক তদন্তে ঘটনাটিকে নাশকতার অংশ বলে সন্দেহ করছে পুলিশ।
তিনি আরও জানান, ঘটনার রহস্য উদ্ঘাটনে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। পাশাপাশি আগুন দেওয়ার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।