ঢাকাThursday , 19 November 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সিকৃবিতে প্রাধিকারের দ্বাদশ কার্যনির্বাহী কমিটি ঘোষণা

rising sylhet
rising sylhet
November 19, 2026 8:38 pm
Link Copied!

ads

আইনুল হক, সিকৃবি প্রতিনিধি :সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) প্রাণীকল্যাণ ও জীববৈচিত্র্য সংরক্ষণবিষয়ক সংগঠন প্রাধিকারের ১২তম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। ২০২৬–২৭ মেয়াদের এ কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি, অ্যানিমেল অ্যান্ড বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থী জামিল আহম্মেদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন একই অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. বাদশা ফাহাদ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদ ভবনের পঞ্চম তলার সম্মেলনকক্ষে আয়োজিত কমিটি হস্তান্তর অনুষ্ঠানে ৪২ সদস্যবিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়। এ সময় সদ্যবিদায়ী কমিটির সদস্যদের হাতে ক্রেস্ট ও সম্মাননা সনদ তুলে দেওয়া হয়।

প্রাধিকারের সদ্যবিদায়ী সাধারণ সম্পাদক তানভীর হাসান রিমনের সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের বিগত সময়ের কার্যক্রম তুলে ধরেন বিদায়ী সভাপতি মো. শাহীন আলম। পরে উপস্থিত অতিথি ও বক্তারা সংগঠনটির বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যৎ কার্যক্রম পরিচালনায় দিকনির্দেশনা দেন।

প্রাধিকারের সদ্যবিদায়ী সভাপতি মো. শাহীন আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. এটিএম মাহবুব ই এলাহী, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুব ইকবাল, প্রক্টর অধ্যাপক ড. কাওছার হোসেন এবং প্রাধিকারের উপদেষ্টা মণ্ডলীর সদস্য অধ্যাপক ড. অনিমেষ চন্দ্র রায়, অধ্যাপক ড. মোহন মিয়া ও অধ্যাপক ড. রফিকুল ইসলাম। এ ছাড়া নতুন করে উপদেষ্টা মণ্ডলীতে যুক্ত হয়েছেন অধ্যাপক ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার ও সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল হাসান। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, প্রাধিকারের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ এবং সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. এটিএম মাহবুব ই এলাহী বলেন, প্রাণীর অধিকার সংরক্ষণের পাশাপাশি পৃথিবীকে নিরাপদ ও বাসযোগ্য করে তোলাই প্রাধিকারের অন্যতম লক্ষ্য হওয়া উচিত। এ কার্যক্রম শুধু সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এমসি কলেজ, মদন মোহন কলেজসহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে ছড়িয়ে দিতে হবে। বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের পাশাপাশি মৎস্যবিজ্ঞান, কৃষি, কৃষি অর্থনীতি, কৃষি প্রকৌশল এবং বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদের শিক্ষার্থীদেরও সংগঠনের কার্যক্রমে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি আরও বলেন, ক্যাম্পাসের প্রাণীদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে চিকিৎসাসেবার পাশাপাশি নিয়মিত টিকাদান, ট্যাগিং ও শনাক্তকরণ কার্যক্রম জোরদার করা প্রয়োজন। বাইরে থেকে আসা প্রাণীদেরও টিকাদানের আওতায় আনতে হবে। পাশাপাশি মানুষের অসচেতনতা বা নির্যাতনের কারণে প্রাণীদের স্বাভাবিক জীবনযাপন যেন ব্যাহত না হয়, সে বিষয়ে সচেতনতা তৈরির আহ্বান জানান তিনি। এ ছাড়া দেশের অন্যান্য কৃষি ও ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে প্রাধিকারের কার্যক্রম সম্প্রসারণের পরামর্শ দেন।

নবনির্বাচিত সভাপতি জামিল আহম্মেদ বলেন, ‘সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অন্যতম একটি ক্লাব প্রাধিকারের সঙ্গে আমার যাত্রা ২০২৩ সাল থেকে। অসহায় প্রাণীদের নিয়ে কাজ করা এই সংগঠনে আসার অন্যতম কারণ প্রাণীদের সেবা করার সুযোগ। এই কয়েক বছরে অনেক বন্যপ্রাণী উদ্ধারে অংশ নিয়েছি, চিকিৎসা করারও সুযোগ হয়েছে। আমি চাই, প্রাধিকারের যাত্রা আরও সুন্দর হোক। প্রাধিকারের জন্য সবসময় শুভকামনা।’

ads

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. বাদশা ফাহাদ বলেন, ‘শুরুতেই আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানাই। প্রাধিকারের সঙ্গে আমার পথচলা বেশ কয়েক বছরের। দীর্ঘদিন ধরে সংগঠনটির সঙ্গে কাজ করার পর আজ প্রাণপ্রিয় এই সংগঠনের অন্যতম একটি দায়িত্ব আমার ওপর অর্পণ করা হয়েছে। আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করা এবং প্রাধিকারের কার্যক্রমকে আরও এগিয়ে নেওয়া। আগামী এক বছরে প্রাধিকারের জন্য আরও সুনাম বয়ে আনার চেষ্টা করব। আল্লাহর ওপর আস্থা রেখে দায়িত্ব পালন করে যাব, ইনশা আল্লাহ।’

নতুন কমিটিতে অন্যান্য পদে দায়িত্ব পেয়েছেন সহসভাপতি হিসেবে ফারহান বিন আলম, আনিক দেবনাথ ও মাহমুদা জান্নাত তৃপ্তি; যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মো. রাহাতুল আশকিন, মাইশা হক রিদু ও দয়াল চন্দ্র বর্মণ; কোষাধ্যক্ষ প্রান্তিক দাস; সহকারী কোষাধ্যক্ষ খন্দকার নাহিদুল ইসলাম শাকিল এবং দপ্তর সম্পাদক সন্দেশ ও মো. ফাহিম ফয়সাল।

জনসংযোগ সম্পাদক (প্রধান) হিসেবে আতীক ইন্তেশার মানম এবং সহকারী জনসংযোগ সম্পাদক হিসেবে কাজী তাহমিদ ও হামিম সরকার ওভি দায়িত্ব পেয়েছেন। বন্যপ্রাণীবিষয়ক সাংগঠনিক সম্পাদক হয়েছেন শাহরোরিয়া শেজান রিয়াল ও ইতু চক্রবর্তী; গৃহপালিত ও পোষা প্রাণীবিষয়ক সাংগঠনিক সম্পাদক আবদুল আহাদ ও মোসা. খাদিজা খাতুন; জলজ প্রাণীবিষয়ক সাংগঠনিক সম্পাদক সাবিকুন নাহার লুবনা ও ফাতিমা আসন্না লিমু এবং জেনেটিক রিসোর্সবিষয়ক সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. মহিউদ্দিন শরীফ ও ফাহিম হাসান।

প্রাধিকার রেসকিউ উইংয়ের প্রধান হয়েছেন রিমন কুমার নন্দী। এ উইংয়ের সহকারী হিসেবে দায়িত্ব পেয়েছেন জিহাদ হোসাইন, জাওয়াদ আবেদিন রিফাত, মো. আজিজুল হাকিম আবির ও হাফসা হোসেন। প্রাধিকার পোস্ট-অপারেটিভ কেয়ার উইংয়ের প্রধান হয়েছেন মো. জুবায়ের ইসলাম এবং সহকারী হিসেবে দায়িত্ব পেয়েছেন ফয়সাল আহমেদ ইশান, সৌম্য ভট্টাচার্য, রবি মণ্ডল, বিরজিত রাজকুমার, আবির হাসান ওভি ও সাকিব হোসেন।

এ ছাড়া আইনবিষয়ক সম্পাদক হয়েছেন তানভীর রেশওয়াত স্বপ্ন। কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন সুবর্ণা জালাল রিক্তা, তাসমিম আক্তার, জান্নাতুল জুবাইদা জেনিন, সুস্মিতা দাস অলোকা, সাবিহা সুমাইয়া আরিফা ও মো. ফাহিম শিকদার।

উল্লেখ্য, ‘সেভ এনিম্যালস, সেভ দ্য প্ল্যানেট’ স্লোগানকে সামনে রেখে ২০১২ সালের ৫ জুন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরু করে প্রাধিকার। প্রতিষ্ঠালগ্ন থেকেই সিলেট অঞ্চলে প্রাণীর অধিকার সংরক্ষণ, প্রাণিকল্যাণ এবং জীববৈচিত্র্য রক্ষায় কাজ করে যাচ্ছে সংগঠনটি। বিভিন্ন সচেতনতামূলক ও সেবামূলক কার্যক্রমের মাধ্যমে ইতোমধ্যে সংগঠনটি সুনাম অর্জন করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।