ঢাকাTuesday , 24 November 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ভোগান্তির নাম সিলেট-তামাবিল মহাসড়ক

rising sylhet
rising sylhet
November 24, 2026 4:37 pm
Link Copied!

ads

ভোগান্তির নাম সিলেট-তামাবিল মহাসড়ক । দীর্ঘদিনের অবহেলা, সংস্কারের অভাব ও অব্যবস্থাপনার কারণে এই মহাসড়কটি এখন জরাজীর্ণ হয়ে পড়েছে। প্রায় পুরো সড়ক জুড়েই রয়েছে অসংখ্য ছোট-বড় খানাখন্দ। অনেক জায়গায় কার্পেটিং উঠে গিয়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। ফলে এই রুটে চলাচলকারী যানবাহনগুলোকে প্রতিনিয়ত চরম ঝুঁকির মধ্যে চলতে হচ্ছে। যা মাঝেমধ্যেই দুর্ঘটনার অন্যতম কারণ হয়ে দাঁড়াচ্ছে।

 

 

 

 

সিলেটের জাফলং, জৈন্তাপুর, লালাখাল, শ্রীপুর, শাপলাবিল, তামাবিলসহ নয়নাভিরাম বেশ কয়েকটি পর্যটনকেন্দ্রে দেশি-বিদেশি পর্যটকরা এই সড়ক দিয়ে যাওয়া-আসা করেন। অথচ সাম্প্রতিক সময়ে এই সড়কের বিভিন্ন স্থানে জায়গা দখল করে বেড়েছে অবৈধ পার্কিং ব্যবস্থা। বিশেষ করে রুটের পীরের বাজার, বটেশ্বর, হরিপুর, দরবস্ত ও জৈন্তাপুর বাজার এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা, সিএনজি চালিত অটোরিকশা, ট্রাক এবং লেগুনার অবৈধ স্ট্যান্ড গড়ে উঠেছে অবাধে।অন্যদিকে, সিলেট মহানগরীর মিরাবাজার, শিবগঞ্জ, টিলাগড়, মেজরটিলা ও শাহপরাণ গেইট এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে ভ্রাম্যমাণ বাজার বসার কারণে যানজট এখন নিত্যদিনের সঙ্গী।

 

 

 

 

ভ্যানে করে সবজি, মাছ ব্যবসায়ীরা মূল সড়কের বড় একটি অংশ ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের দখলে গেছে। এতো দুর্ভোগের মধ্যে আবার নতুন মাত্রা যোগ করেছে সিএনজি ফিলিং স্টেশনে অপেক্ষমাণ যানবাহনের দীর্ঘ সারি। মিরাবাজার, শিবগঞ্জ, টিলাগড় ও পীরের বাজারস্থ সিএনজি ফিলিং স্টেশনগুলোতে প্রায় সময়ই বেশ চাপ লক্ষ্য করা যায়। যার প্রভাব পড়ে এই সড়কে চলা যানবাহনে।সরেজমিনে দেখা যায়, সিলেট-তামাবিল মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশার দৌরাত্ম্যও চোখে পড়ার মত।

 

 

 

 

দ্রুতগতির যানবাহনের সাথে পাল্লা দিয়ে এসব কম গতির যানবাহন চলায় দুর্ঘটনার ঝুঁকি যেমন বাড়ছে, তেমনি যানজটও তীব্র হচ্ছে। আইন মেনে এসব ছোট যানবাহন মহাসড়কে চলার কথা না থাকলেও, সিলেট-তামাবিল রুটে এদের দাপট অবিরত। অনেক সময় এসব যানবাহন সড়কের উল্টো পথ দিয়েও চলাচল করে, যা মারাত্মক দুর্ঘটনার আশঙ্কা তৈরি করে। এই রুটের বেশ কয়েকটি অঞ্চল বেশ দুর্ঘটনা প্রবণ। সাম্প্রতিক বছরগুলোতে এসব অঞ্চলে দুর্ঘটনায় একাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে। বিশেষ করে মহানগরীর খাদিমপাড়া, জৈন্তাপুরের উমনপুর টার্নিং ও বিরাইমারা এলাকার সড়কে গত দুই বছরে একাধিক প্রাণ গেছে। মূলত; বেহাল সড়কে সময় বেশি লাগায় সেটি পুষিয়ে দিতে চালকরা সামান্য ফাঁকা পেলেই বেপরোয়া হয়ে ওঠেন।

 

 

 

 

গতি বাড়িয়ে দেন যানবাহনের। গন্তব্যে আগে পৌঁছাতে সড়কে শুরু হয় সময় বাঁচানোর নামে জীবন নিয়ে প্রতিযোগিতা! এতেই অনেক সময় ঘটে দুর্ঘটনা।সিলেট-তামাবিল মহাসড়কের এই পরিস্থিতি সম্পর্কে সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘মহানগরীতে অবৈধ অটোরিকশা ও যানবাহনের অবৈধ স্ট্যান্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। এই সড়ক ও ফুটপাত দখল করে হকারদের ব্যবসা পরিচালনার বিষয়টি সিটি কর্পোরেশনের নজরে রয়েছে। হকারদের স্থায়ীভাবে পুনর্বাসনের লক্ষ্যে লালদিঘীরপারে ব্যবস্থা করা হয়েছে। কিন্তু পুনর্বাসনের উদ্যোগ নেওয়ার পরও অনেক হকার বারবার সড়কে ফিরে আসছেন। তাদের নির্ধারিত পুনর্বাসনস্থলে স্থানান্তরের বিষয়ে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।জৈন্তাপুরের দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার জানান, ‘সিলেট-তামাবিল মহাসড়কের বিভিন্ন বাজারে অবৈধ কিছু দোকান গড়ে উঠেছে।

ads

 

 

 

 

এসবে বিরুদ্ধে সম্প্রতি প্রশাসন অভিযান পরিচালনা করেছে। দরবস্ত ও চিকনাগুল বাজারে উচ্ছেদ চালিয়েছে। তবে কোনো কারণে এই উচ্ছেদ অভিযান পুরো উপজেলাজুড়ে চালানো হয় নি।তিনি আরও বলেন, ‘এই সড়কে গড়ে ওঠা অবৈধ স্ট্যান্ডের জন্য সরকার নির্ধারিত জমি করে দিতে পারলে সবার জন্য ভাল হত। যানবাহনের চালকরাও শ্রমিক। তাদের কাজের সুযোগ করে দেওয়া উচিত। সড়কের ভাঙাচোরা অবস্থা দ্রুত সংস্কারের দাবি জানান তিনি।সিলেট-তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইমরুল সাহেদ বলেন, ‘আমরা সড়কের অবৈধ স্থাপনার বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার সহযোগিতায় অভিযান পরিচালনা করে আসছি। কোনো কারণে সড়কে যানজটের সৃষ্টি হলে আমরা দ্রুত যান চলাচলের ব্যবস্থা গ্রহণ করি। বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ অবৈধ স্ট্যান্ড যাতে সড়কে যানজট তৈরি না করে সেদিকে খেয়াল রাখি। আমাদের নিয়মিত তদারকি আছে এ বিষয়ে।

 

 

 

 

জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাসনাত খাঁন জানান, ‘সড়কে শৃঙ্খলা ফেরাতে প্রশাসন সর্বদা সজাগ। কোনো ধরনের অবৈধ স্থাপনা বা অননুমোদিত যানবাহনের স্ট্যান্ড সড়কে থাকতে দেওয়া হবে না। জনদুর্ভোগ ও দুর্ঘটনা রোধে হাইওয়ে পুলিশকে সাথে নিয়ে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। এছাড়া পর্যটকদের নিরাপদ যাতায়াত নিশ্চিতে মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং সড়ক সংস্কারের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

 

 

 

সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর সিলেটের নির্বাহী প্রকৌশলী খাইরুল বাশার মোহাম্মদ সাদ্দাম হোসেন জানান, ‘অতিবৃষ্টি ও ভারী যানবাহনের চাপে সড়কের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত স্থানগুলো চিহ্নিত করে সংস্কার করা হয়েছে। জনদুর্ভোগ লাঘবে দ্রুতই জরুরি সংস্কার কাজ শুরু করা হবে। পাশাপাশি সড়কটি চার লেনে উন্নীতকরণের কাজ শেষ হলে এই ভোগান্তির স্থায়ী সমাধান হবে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।