রাইজিংসিলেট- তিন নেতার আরোপিত পদের স্থগিতাদেশ প্রত্যাহার করেছে-ছাত্রলীগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগ দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তিন নেতার আরোপিত পদের স্থগিতাদেশ প্রত্যাহার করেছে ।
শুক্রবার (২৩ জুন) দিবাগত রাত দেড়টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ছাত্রলীগের বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, ইমরুল হাসান অমি (উপ-আইন সম্পাদক), আহমেদ গালিব (সহ-সম্পাদক), আহসানুল হাবীব রেজার (সদস্য) নিজ আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের উক্ত পদ সমূহের উপর আরোপিত স্থগিতাদেশ প্রত্যাহার করা হলো।
পদের স্থগিতাদেশ প্রত্যাহার হওয়া ছাত্রলীগ নেতারা হলেন- বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উপ-আইন সম্পাদক ইমরুল হাসান অমি, সহ-সম্পাদক আহমেদ গালিব ও সদস্য আহসানুল হাবীব রেজা। তারা সবাই বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হলের আবাসিক ছাত্র। এদের মধ্যে উপ-আইন সম্পাদক ইমরুল হাসান অমি ও সহ-সম্পাদক আহমেদ গালিবকে শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম বাদলকে মারধরের ঘটনায় বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।