রাইজিংসিলেট- আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটারদের সুবিধার জন্য বাংলাদেশ নির্বাচন কমিশন ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানার কয়েকটি সহজ ব্যবস্থা চালু করেছে। এসব সেবার মাধ্যমে ভোটাররা ঘরে বসেই দ্রুত ও নির্ভুলভাবে নিজেদের ভোট সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন।
১. স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি অ্যাপ
ভোটাররা Smart Election Management BD অ্যাপ ব্যবহার করে সহজেই ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানতে পারবেন। এজন্য প্রথমে Play Store বা App Store থেকে অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করতে হবে।
অ্যাপ চালু করার পর ড্যাশবোর্ড থেকে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন’ নির্বাচন করে ‘ভোট কেন্দ্র খুঁজুন’ অপশনে যেতে হবে। সেখানে এনআইডি নম্বর ও জন্ম তারিখ প্রদান করলে ভোটার নম্বর, ক্রমিক নম্বর এবং ভোটকেন্দ্রের নাম ও ঠিকানা দেখা যাবে।
২. হটলাইন সেবা (১০৫)
যে কোনো ভোটার হটলাইন নম্বর ১০৫-এ কল করে ভোট সংক্রান্ত তথ্য জানতে পারবেন। কল করার পর অপারেটরের সঙ্গে কথা বলতে ৯ চাপতে হবে। এ সময় ভোটারের এনআইডি নম্বর ও জন্ম তারিখ প্রয়োজন হবে।
এই সেবা প্রতিদিন ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত চালু থাকবে।
৩. এসএমএসের মাধ্যমে তথ্য (১০৫)
এসএমএসের মাধ্যমেও ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য পাওয়া যাবে। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে
PC NID লিখে ১০৫ নম্বরে পাঠাতে হবে।
ফিরতি এসএমএসে ভোটার নম্বর ও ভোটকেন্দ্র সংক্রান্ত তথ্য জানিয়ে দেওয়া হবে।
৪. নির্বাচন কমিশনের ওয়েবসাইট
নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট ব্যবহার করেও ভোটকেন্দ্রের তথ্য জানা সম্ভব। এজন্য ব্রাউজার থেকে ecs.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে ‘ভোটকেন্দ্র’ মেনুতে ক্লিক করতে হবে।
এখানে দুইভাবে তথ্য পাওয়া যাবে-
নির্বাচনি এলাকা ও উপজেলা/থানা নির্বাচন করে ভোটকেন্দ্রের তালিকা দেখা।
এনআইডি নম্বর ও জন্ম তারিখ দিয়ে অনুসন্ধান করে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের বিস্তারিত তথ্য জানা।
এ ছাড়া ওয়েবসাইটে গুগল ম্যাপের মাধ্যমে ভোটকেন্দ্রের অবস্থান সরাসরি দেখার সুবিধাও রয়েছে, যেখানে দূরত্ব ও যাতায়াতের পথ সম্পর্কে ধারণা পাওয়া যাবে।
নির্বাচন কমিশনের মতে, এসব সেবা চালুর ফলে ভোটারদের ভোটকেন্দ্র খুঁজে পেতে আর বাড়তি ভোগান্তিতে পড়তে হবে না।