রাইজিংসিলেট- সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও দেখার পাশাপাশি কেনাকাটার সুযোগ আরও বিস্তৃত করছে টিকটক। ব্যবহারকারীদের অনলাইনে পণ্য খোঁজা ও কেনার প্রক্রিয়া সহজ করতে প্ল্যাটফর্মটিতে যুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর নতুন শপিং সহকারী। একই সঙ্গে চালু করা হচ্ছে ভিডিও দেখার সময় সরাসরি পণ্য কেনার সুবিধা।
টিকটকের নতুন এআই শপিং অ্যাসিস্ট্যান্ট মূলত ব্যবহারকারীর সঙ্গে কথোপকথনের মাধ্যমে কাজ করবে। কেউ কোনো নির্দিষ্ট পণ্য সম্পর্কে জানতে চাইলে সেটির বিভিন্ন তথ্য, আকার, মজুত ও সরবরাহসংক্রান্ত বিষয় তুলে ধরতে পারবে এটি।
ব্যবহারকারী কী ধরনের পণ্য চান, তাঁর প্রয়োজন কী এবং কোন বিষয়গুলোকে গুরুত্ব দিচ্ছেন—কথোপকথন থেকে এসব বিষয় বুঝে সেই অনুযায়ী পণ্যের পরামর্শ দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে। কেনাকাটার শেষ ধাপেও সহায়তা করতে পারবে এআইটি।
অন্যদিকে, টিকটকের ‘ফর ইউ’ ফিডে ভিডিও দেখার সময় কোনো পণ্য ভালো লাগলে এখন একই জায়গা থেকেই সেটি কেনার সুযোগ পাওয়া যাবে। ফলে পণ্য কিনতে অ্যাপ থেকে বের হয়ে আলাদা কোনো ওয়েবসাইটে প্রবেশের প্রয়োজন হবে না।
এই নতুন বাণিজ্যিক ব্যবস্থা চালুর জন্য টিকটক সেলসফোর্স, শপিফাই ও স্ট্রাইপের মতো প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে।
বিশ্বের অন্যতম জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্মটির অনলাইন বাণিজ্যের ক্ষেত্রে এতদিন ‘টিকটক শপ’ ছিল প্রধান কেন্দ্র। নতুন উদ্যোগের ফলে প্ল্যাটফর্মটির অন্যান্য অংশেও কেনাকাটার সুযোগ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে প্রতিষ্ঠানটি।
শহীদ জিয়া ও খালেদা জিয়ার মাজার জিয়ারত করেছেন সিলেট জেলা ও মহানগর যুবদল
বিশেষ করে যুক্তরাষ্ট্রের বাজারে টিকটকের এই বাণিজ্যিক কার্যক্রম দ্রুত বড় হচ্ছে। প্রতিষ্ঠানটির সাম্প্রতিক তথ্য অনুযায়ী, দেশটির অর্থনীতিতে টিকটকের কার্যক্রমের সঙ্গে প্রায় ৮ হাজার ১০০ কোটি ডলারের অর্থনৈতিক কর্মকাণ্ড যুক্ত হয়েছে। এছাড়া ৫ কোটি ৪০ লাখের মতো মার্কিন ব্যবহারকারী জানিয়েছেন, টিকটকের ভিডিও দেখে তারা পণ্য কেনার সিদ্ধান্ত নিয়েছেন বা পণ্য কিনেছেন।
সৌদি থেকে লাশ হয়ে দেশে ফিরলেন সিলেটের করিম-খালেদ
যুক্তরাষ্ট্রে ২০২৩ সালের সেপ্টেম্বরে টিকটক শপ চালুর পর থেকে এর ব্যবসা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ইমার্কেটারের হিসাব অনুযায়ী, ২০২৫ সালে মার্কিন বাজারে টিকটক শপের মাধ্যমে প্রায় ১ হাজার ৫৮০ কোটি ডলারের পণ্য বিক্রি হয়েছে।
প্রযুক্তি বিশ্লেষকদের দৃষ্টিতে, নতুন ফিচারগুলোর মাধ্যমে টিকটক শুধু বিনোদনের প্ল্যাটফর্ম হিসেবে নয়, বরং ভিডিও, এআই ও অনলাইন বাণিজ্যকে একই জায়গায় নিয়ে আসার চেষ্টা করছে।