ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন জানিয়েছেন, যত চাপই থাকুক না কেনো নাইজার ছাড়বে না ফরাসি রাষ্ট্রদূত। উত্তর আফ্রিকার এই দেশটিতে কৌশলগত স্বার্থ রয়েছে ফ্রান্সের। তবে সম্প্রতি দেশটির পশ্চিমাপন্থী শাসককে উৎখাত করা হলে ফ্রান্সের এসব স্বার্থ হুমকিতে পড়ে।
ম্যাক্রন বলেন, আমি মনে করি আমাদের নীতি ঠিক আছে। এটি প্রেসিডেন্ট বাজুমের সাহসের ওপর দাঁড়িয়ে আছে। এসময় তিনি নাইজারের বর্তমান শাসকগোষ্ঠীকে ‘অবৈধ’ বলে আখ্যায়িত করেন। ম্যাক্রন বলেন, এই অবৈধ কর্তৃপক্ষের চাপ থাকা স্বত্বেও নাইজারে থাকছেন আমাদের রাষ্ট্রদূত।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সোমবার কূটনীতিকদের উদ্দেশ্যে একটি বক্তব্য দেন ম্যাক্রন। এ সময় তিনি নাইজারে ফরাসি রাষ্ট্রদূতের অবস্থান করার সিদ্ধান্তের কথা জানান। পাশাপাশি নাইজারের ক্ষমতাচ্যুত পশ্চিমাপন্থী শাসক মোহাম্মদ বাজুমের প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করেন ম্যাক্রন। সামরিক বাহিনীর চাপের মুখেও তার পদত্যাগ না করার সিদ্ধান্তকে ‘সাহসী’ বলে আখ্যায়িত করেন ফরাসি প্রেসিডেন্ট।