সিলেটের বাস আগামী বছরের জানুয়ারী মাসের পর রাজধানী ঢাকায় ঢুকতে পারবে না। বাসগুলো কাঁচপুর টার্মিনাল পর্যন্ত যেতে পারবে। জাতীয় একটি দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
নগর পরিবহনে শৃঙ্খলা ফিরবে কবে? এমন প্রশ্নরে জাবাবে শেখ তাপস জানান, চট্টগ্রাম ও সিলেট বিভাগের যত বাস আছে, জানুয়ারি পর সেগুলো ঢাকায় ঢুকতে পারবে না; কাঁচপুর টার্মিনাল পর্যন্ত আসবে। ঢাকার ভেতরের সেবাটা তখন নগর পরিবহনই দেবে। এদিকে সায়দাবাদ বাস টার্মিনাল সংস্কার চলছে। আগামী মাসে উদ্বোধন করব। সিটির বাস সায়দাবাদ টার্মিনালকেন্দ্রিক সেবা দেবে। ঢাকাবাসী আগামী বছর থেকে বেশ কিছু প্রকল্পের সুবিধা ভোগ করতে পারবেন।
মঙ্গলবার (৬ জুন) প্রকাশ হওয়া ঐ সাক্ষাৎকারে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, আগামী বছরের মধ্যেই ঢাকা শহরে গণপরিবহনে আমূল পরিবর্তন দেখতে পাবে ঢাকাবাসী। ঢাকা নগর পরিবহন তিনটি পথে চলছে। আরও পাঁচটি পথ যুক্ত করার প্রক্রিয়া চলছে। কাঁচপুরে টার্মিনাল নির্মাণে দরপত্র সম্পন্ন করেছি। আশা করছি, জুলাই-আগস্টের মধ্যে কাজ শুরু করব।