যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদের ফেসবুক আইডিতে প্রকাশিত একটি ছবি ব্যবহার করে এআইয়ের মাধ্যমে ভুয়া ছবি তৈরি এবং ভিত্তিহীন অপপ্রচার চালাচ্ছে ভুয়া ফেসবুক আইডি ‘দৈনিক তালতলার ডাক’ সহ কয়েকটি বট আইডি।
শুধু অপপ্রচারই নয়, সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে লাগামহীন সাইবার বুলিং ও ট্রলিং। এ ধরনের কর্মকাণ্ডকে পরিকল্পিত অপপ্রচার হিসেবে দেখছেন সিলেট বিএনপির নেতাকর্মীরা। তাঁদের মতে, রাজনৈতিক উদ্দেশ্যে একজন নেতার ভাবমূর্তি ক্ষুণ্ন করার এমন প্রচেষ্টা নিন্দনীয়।
বিএনপির দুর্দিনে রাজপথে সক্রিয় থাকা পরীক্ষিত সৈনিক হিসেবে পরিচিত মোহাম্মদ মকসুদ আহমদের বিরুদ্ধে এ ধরনের ভিত্তিহীন প্রচারণা ও সাইবার বুলিংয়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেটের বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
ছাত্রদলের একজন কর্মী হিসেবে ছাত্ররাজনীতি শুরু করেন মোহাম্মদ মকসুদ আহমদ। এই দীর্ঘ সময়ে তিনি দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, সিলেট জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি সিলেট জেলা যুবদলের সভাপতি ও যুবদলের সাবেক কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।