রাইজিংসিলেট- দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে নিজের অবস্থান আরও শক্ত করছেন অভিনেত্রী মামিথা বাইজু। মালয়ালমের পাশাপাশি তামিল সিনেমাতেও ধারাবাহিক সাফল্য পাচ্ছেন এই অভিনেত্রী। তাঁর অভিনীত একাধিক সিনেমার বিশ্বব্যাপী বক্স অফিস আয় এরই মধ্যে এক হাজার কোটি রুপির সীমা পেরিয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৬ সালে মামিথার অভিনীত পরপর তিনটি সিনেমাই বিশ্বব্যাপী ২০০ কোটি রুপির বেশি ব্যবসা করেছে।
এ তালিকায় রয়েছে ‘বেথলেহেম কুডুম্বা ইউনিট’, ‘জানা নায়কন’ ও ‘বিশ্বনাথ অ্যান্ড সন্স’। এর মধ্যে ‘বেথলেহেম কুডুম্বা ইউনিট’ প্রায় ৩১০ কোটি রুপি এবং ‘জানা নায়কন’ ৩১০ কোটির বেশি আয় করেছে। অন্যদিকে ‘বিশ্বনাথ অ্যান্ড সন্স’-এর আয় ২০০ কোটি রুপি ছাড়িয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
মামিথার আগের সিনেমাগুলোর মধ্যেও রয়েছে উল্লেখযোগ্য সাফল্য। ‘প্রেমালু’ বিশ্বব্যাপী প্রায় ১৩০ কোটি রুপি এবং ‘ডুড’ প্রায় ১১৫ কোটি রুপি আয় করেছে বলে জানা গেছে।
মালয়ালম সিনেমা দিয়ে দর্শকের নজরে আসার পর তামিল চলচ্চিত্রেও বড় পরিসরে সাফল্য পাচ্ছেন মামিথা। ফলে দক্ষিণ ভারতীয় সিনেমার বাণিজ্যিক আলোচনায় ২০২৬ সালে তাঁর নাম বিশেষভাবে উঠে এসেছে।
একাধিক সিনেমার ধারাবাহিক সাফল্য এবং বিশ্বব্যাপী বক্স অফিসে বড় অঙ্কের আয়—সব মিলিয়ে চলতি বছরটি মামিথা বাইজুর অভিনয়জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে উঠেছে বলে সংশ্লিষ্ট প্রতিবেদনে দাবি করা হয়েছে।