
নাট্যকর্মীদের উপর হামলার ঘটনায় স্বেচ্ছাসবেক দল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৫ সেপ্টেম্বর) সকালে দক্ষিণ সুরমার এক স্বেচ্ছাসবেক দল নেতাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ।
আটক যুবকের নাম মো. হারুন মিয়া (৩৬)। তিনি দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানার সিলাম টিল্লাপাড়া এলাকার মৃত মফিজুর রহমানের ছেলে ও দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকাল পৌনে পাঁচটার দিকে মহানগরের কিনব্রিজ এলাকার সারদা হলে বিএনপির রোডমার্চ ও সমাবেশে যোগ দিতে আসা কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে সিলেটের সংস্কৃতিকর্মীদের উপর হামলার অভিযোগ উঠে। হামলায় অন্তত ১০ জন সংস্কৃতিকর্মী আহত হয়েছেন বলে সংস্কৃতিকর্মীদের অভিযোগ।
আহতদের মধ্যে রয়েছেন- লিটল থিয়েটারের আব্দুল কাইয়ূম মুকুল, নাট্যকর্মী হুমায়ুন কবির জুয়েল, চয়ন পাল শান্ত, নাট্যকার বিভাস শ্যাম যাদন, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্তের ছেলে লামানুজ গুপ্ত।
ঘটনার দুদিন পর (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সিলেট কোতোয়ালি মডেল থানায় সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি রজতকান্তি গুপ্ত বাদী হয়ে মামলা দায়ের করেন। এতে অজ্ঞাতনামা ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে।
কোতোয়ালি থানার ওসি আলী মাহমুদ বলেন- সিসিটিভি ফুটেজে হারুনকে হামলা চালাতে দেখা দেখে। বাকি অভিযুক্তদেরও শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেফতার করতে চেষ্টা চালাচ্ছে পুলিশ।
গ্রেফতারকৃত হারুনকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি আলী মাহমুদ।