রাইজিংসিলেট- পাঁচ দফা দাবিতে আগামী সোমবার (১৬ নভেম্বর) থেকে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হতে যাচ্ছে। সিএনজিচালিত অটোরিকশার মালিক ও শ্রমিকদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে এ কর্মসূচিতে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে সিলেট জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ।
সিলেট জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী ময়নুল ইসলাম জানিয়েছেন, সোমবার সকাল ৬টা থেকে এ কর্মবিরতি কার্যকর হবে। দাবি-দাওয়া নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সমঝোতা হলে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।
গত ১২ নভেম্বর রাতে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে মালিক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত সমন্বয় পরিষদের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন শেখ ইমরান হোসেন ঝুনু এবং পরিচালনা করেন পরিষদের সাধারণ সম্পাদক নাজির আহমেদ স্বপন।
সভায় সমন্বয় পরিষদের নিজস্ব তিন দফা দাবির পাশাপাশি সিএনজিচালিত অটোরিকশার মালিক-শ্রমিকদের পাঁচ দফা দাবির প্রতিও সমর্থন জানানো হয়।
সিলেটে একদিনেই প্রাণ হারিয়েছে দুই শিশু
অটোরিকশা সংশ্লিষ্টদের দাবির মধ্যে রয়েছে, সিলেটের শোরুম থেকে কেনা সিএনজিচালিত অটোরিকশার নিবন্ধন নিশ্চিত করা, নতুন ই-রিকশা ও ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন বন্ধ রাখা এবং পর্যাপ্ত পার্কিং সুবিধা তৈরি করা। পাশাপাশি ইজিবাইক, টমটম, মিশুক ও ব্যাটারিচালিত রিকশার চলাচল বন্ধের দাবিও রয়েছে।
এ ছাড়া ট্রাফিক পুলিশের বিরুদ্ধে হয়রানি, অতিরিক্ত জরিমানা ও মামলা দেওয়ার অভিযোগের প্রতিকার, ট্রাফিক বিভাগে দুর্নীতি বন্ধ, সিএনজির জ্বালানি সংকট নিরসন এবং বিআরটিএ সিলেট কার্যালয়ে হয়রানি বন্ধের দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা।
সিলেট জেলা বাস-মিনিবাস-কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলী আকবর রাজনও সোমবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সিলেটে চিকিৎসাসেবা খাতের বিভিন্ন অনিয়ম ও অসদুপায় বন্ধের দাবিতে প্রতিবাদ সভা
কর্মসূচি সফল করতে সিলেটের সব সড়ক পরিবহন মালিক ও শ্রমিকদের অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন নেতারা। একই সঙ্গে চলমান সমস্যাগুলো সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ কামনা করেছেন তাঁরা।