রাইজিংসিলেট প্রতিবেদক- হবিগঞ্জ-সিলেট রুটে বাস চলাচল নিয়ে হবিগঞ্জ ও মৌলভীবাজারের পরিবহন মালিক-শ্রমিকদের মধ্যে বিরোধের জেরে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) ভোর থেকে হবিগঞ্জের অভ্যন্তরীণ ও দূরপাল্লার বিভিন্ন রুটে গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের ডাকে জেলার বিভিন্ন যানবাহন মালিক-শ্রমিক সংগঠন এ কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হবিগঞ্জের তিনটি বাস আটকে রাখার প্রতিবাদে ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়।
হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আবু মঈন চৌধুরী সোহেল জানান, দীর্ঘদিন ধরে হবিগঞ্জ-শ্রীমঙ্গল-মৌলভীবাজার-শেরপুর-সিলেট রুটে বাস চলাচল নিয়ে দুই জেলার মালিক-শ্রমিকদের মধ্যে বিরোধ চলে আসছে। বিভিন্ন সময়ে বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধানের উদ্যোগ নেওয়া হলেও পরবর্তীতে আবারও বাস আটকের ঘটনা ঘটছে।
তিনি বলেন, গত ১২ জুন সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল, হবিগঞ্জ-সিলেট ভায়া মৌলভীবাজার রুটে আগের নিয়মে বাস চলাচল করবে। তবে শ্রীমঙ্গলে হবিগঞ্জের বাস কোনো স্টপেজ দিতে পারবে না। ওই সিদ্ধান্তের পর কিছুদিন বাস চলাচল স্বাভাবিক ছিল।
হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের এই নেতা দাবি করেন, গত ১১ সেপ্টেম্বর মৌলভীবাজারের এসএমএস মালিক-শ্রমিকরা হবিগঞ্জের ২২টি বাস আটকে রাখেন। পরে ২০ সেপ্টেম্বর ঢাকায় বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কেন্দ্রীয় কার্যালয়ে দুই পক্ষের বৈঠক হয়। সেখানে ১২ জুনের সিদ্ধান্ত অনুযায়ী বাস চলাচলের বিষয়ে সমঝোতা হয় এবং আটক বাসগুলো ছেড়ে দেওয়া হয়।
আবু মঈন চৌধুরী বলেন, ২৪ সেপ্টেম্বর সকালে হবিগঞ্জ-সিলেট ভায়া মৌলভীবাজার রুটে পুনরায় বাস চলাচল শুরু হলে মৌলভীবাজারের এসএমএস কর্তৃপক্ষ হবিগঞ্জের তিনটি বাস আটকে রাখে। বাসগুলো এখনো ছাড়া হয়নি। এ পরিস্থিতিতে বাধ্য হয়ে অনির্দিষ্টকালের ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, আগের সিদ্ধান্ত অনুযায়ী হবিগঞ্জের বাসগুলো নির্বিঘ্নে চলাচলের সুযোগ নিশ্চিত না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।
তবে হবিগঞ্জের পক্ষের অভিযোগ অস্বীকার করেছেন মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও এসএমএস বাস মালিক সমিতির সভাপতি আব্দুর রহিম রিপন।
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে শিক্ষার্থীদের আ ন্দোলন, ২৪ ঘণ্টা অবরুদ্ধ অধ্যক্ষ-শিক্ষক
তিনি দাবি করেন, বিষয়টি সমাধানের দিকে এগোচ্ছিল। এর মধ্যে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের লোকজন শ্রীমঙ্গলে এসএমএস পরিবহনের কাউন্টারে হামলা ও ভাঙচুর চালান। এতে কয়েকজন শ্রমিক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং একজন আইসিইউতে ভর্তি আছেন।
আব্দুর রহিম রিপনের ভাষ্য, শ্রীমঙ্গলের শ্রমিকরাই বাসগুলো আটকে রেখেছেন। এ ঘটনায় থানায় মামলাও হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে দুই পক্ষকে নিয়ে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা প্রয়োজন।
পুবালী ব্যাংক ও সিলেট সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের চুক্তি স্বাক্ষর
ধর্মঘটের কারণে হবিগঞ্জসহ সিলেট ও মৌলভীবাজারের বিভিন্ন রুটে যাতায়াতকারী যাত্রীদের দুর্ভোগের সৃষ্টি হয়েছে।