রাইজিংসিলেট- বুধবার (২৫ জানুয়ারি) দুপুরে কাউন্টার টেরোরিজম ইউনিটের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
চট্টগ্রামে গোপনে নারীর গোসলের ভিডিও ধারণ করে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে টাকা আদায় ও মানসিক নির্যাতনের অভিযোগে যুবককে গ্রেপ্তার করেছে সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট।
ওই যুবকের নাম আবু সুফিয়ান জুয়েল (২৮)। নগরীর বাকলিয়া এলাকার গৃহবধূর অভিযোগের ভিত্তিতে সোমবার (২৩ জানুয়ারি) নগরীর লালখান বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) আসিফ মহিউদ্দীন জানান, ভুক্তভোগী নারীর আত্মীয় জুয়েল। স্বামীর অনুপস্থিতিতে বাসায় বেড়াতে গিয়ে জুয়েল গোপনে ওই নারীর গোসলের ভিডিও ধারণ করেন। পরবর্তীতে সেটি দেখিয়ে তাকে শারীরিক সম্পর্ক ও নগ্ন হয়ে ভিডিও কলে তার সঙ্গে কথা বলার জন্য চাপ প্রয়োগ করতে থাকেন।
বাধ্য হয়ে ওই নারী তার সঙ্গে ভিডিও কলে কথা বললে সেগুলো স্ক্রিনশট নিয়ে রেখে দেয় জুয়েল। পরে আবার সেগুলো দেখিয়ে কয়েক দফায় ২৫ হাজার টাকা আদায় করে।
এডিসি আসিফ মহিউদ্দীন বলেন, ‘প্রতিনিয়ত নানাভাবে ব্ল্যাকমেইলিং শুরু করে জুয়েল। অতিষ্ঠ হয়ে ওই গৃহবধূ বাকলিয়া থানায় জিডি (সাধারণ ডায়েরি) করেন। এরপর আমাদের কাছে এসে অভিযোগ দেন। আমরা প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পেয়ে জুয়েলকে গ্রেপ্তার করি। এরপর বাকলিয়া থানায় পর্ণগ্রাফি আইনে গৃহবধূর করা মামলায় জুয়েলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।’