আবারও ভারতে ফিরছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম। ২০২৭ আইপিএলের মিনি-নিলাম ভারতের মাটিতে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।মঙ্গলবার আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে নিলামের নির্দিষ্ট তারিখ ও ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি।
২০২৩ সালে কোচিতে সর্বশেষ ভারতের মাটিতে আইপিএলের নিলাম অনুষ্ঠিত হয়েছিল। এরপর ২০২৪ সালের নিলাম দুবাই, ২০২৫ সালের নিলাম জেদ্দা এবং ২০২৬ সালের নিলাম আবুধাবিতে আয়োজন করা হয়। এবার ২০২৭ আসরের মিনি-নিলাম আবারও ভারতে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।বিদেশে নিলাম আয়োজনের ক্ষেত্রে ফ্র্যাঞ্চাইজিগুলোর অতিরিক্ত যাতায়াত, থাকা ও ব্যবস্থাপনা নিয়ে নানা জটিলতা তৈরি হয়।
দলগুলোর পক্ষ থেকে বিষয়টি নিয়ে আপত্তি ওঠার পর ভারতের কোনো শহরে নিলাম আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ক্রিকবাজ।তবে ভেন্যু নির্ধারণে নতুন করে ভাবতে হচ্ছে বিসিসিআইকে। অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত ভারতে বিয়ের মৌসুম থাকায় পাঁচ তারকা হোটেলে পর্যাপ্ত কক্ষ পাওয়া নিয়ে সমস্যা হতে পারে। ফলে ফ্র্যাঞ্চাইজিগুলোর থাকার ব্যবস্থা বিবেচনায় নিয়েই শহর ও ভেন্যু চূড়ান্ত করা হবে।
ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৭ সালের মিনি-নিলাম সাধারণত ডিসেম্বরের মাঝামাঝি সময়ে হতে পারে। যদিও এখনো নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করা হয়নি।এদিকে, আইপিএলের বহুল আলোচিত ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়ম নিয়েও মঙ্গলবারের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিষয়টি নিয়ে আগামী মাসে আবারও গভর্নিং কাউন্সিলের বৈঠক হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকের পর নিয়মটি বহাল থাকবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।
এ ছাড়া ২০২৮ সালের আইপিএলের মেগা নিলাম আবারও ভারতের বাইরে আয়োজনের সম্ভাবনা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানিয়েছে ক্রিকবাজ।