রাইজিংসিলেট- ইংল্যান্ডের আরও দুই ক্রিকেটার আইপিএল খেলার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৬ শুরুর আগেই চোট সমস্যায় ভুগছে বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি। দলগুলোর একাধিক ক্রিকেটার পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছেন, আবার কেউ কেউ শুরুতেই খেলতে পারছেন না। এমন পরিস্থিতিতে বিকল্প খেলোয়াড় খুঁজতে গিয়ে ইংল্যান্ডের দুই ক্রিকেটার—জেমি স্মিথ ও জশ টাংকে প্রস্তাব দেয় ফ্র্যাঞ্চাইজিগুলো।
মোটরসাইকেলে তেল সংগ্রহের নতুন নির্দেশনা জারি করল সিলেট মেট্রোপলিটন পুলিশ
তবে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের তথ্য অনুযায়ী, এই দুই ক্রিকেটারই আইপিএলে অংশ নেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। উল্লেখ্য, ২০২৬ সালের আইপিএল নিলামে স্মিথ ও টাং—দুজনেই অবিক্রীত ছিলেন। সেখানে স্মিথের ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি এবং টাংয়ের ছিল ১ কোটি রুপি।
এর আগে ইংলিশ ব্যাটার বেন ডাকেটও আইপিএল থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন। দিল্লি ক্যাপিটালস তাকে ২ কোটি রুপিতে দলে নিলেও, আসন্ন আন্তর্জাতিক সূচির কথা বিবেচনা করে তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। ডাকেট জানিয়েছেন, ইংল্যান্ডের ঘরের মাঠের গুরুত্বপূর্ণ সিরিজগুলোর আগে নিজেকে শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত রাখতেই এই সিদ্ধান্ত।
জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক, কালোবাজারিরা সংকট তৈরির চেষ্টা করছে: মন্ত্রী
আগামী জুনে নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি টেস্ট, জুলাইয়ে ভারতের বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে, এবং আগস্ট-সেপ্টেম্বরে পাকিস্তানের বিপক্ষে আরও তিনটি টেস্ট খেলবে ইংল্যান্ড। এই ব্যস্ত সূচির কারণেই অনেক ক্রিকেটার আইপিএল এড়িয়ে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন।