জকিগঞ্জে ছেলের হাতে মা খুনের পর এবার খবর পাওয়া গেল কোম্পানিগঞ্জে প্রতিপক্ষের হামলায় আরেকজন নিহতের। রবিবার (২৫ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দুপরিরপাড় গ্রামে পুকুরের মাছ ধরা নিয়ে প্রতিপক্ষের হামলায় ওই যুবক নিহত হয়েছেন।
সোমবার (২৬ আগস্ট) ভোর ৫টার দিকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়।নিহত আক্তার হোসেন (৩০)। তিনি কোম্পানীগঞ্জ উপজেলার দুপরিরপাড় গ্রামের কালা মিয়ার ছেলে। এদিকে হামলার অভিযোগে কোম্পানিগঞ্জ থানা পুলিশ জুয়েল আহমদ (২৮) নামে একজনকে আটক করেছে।
আটক ব্যক্তি উপজেলার দুপরিরপাড় গ্রামের আব্দুল জলিলের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাত সাড়ে ১২টার দিকে কালা মিয়ার ছেলে আক্তার হোসেন ও জাহাঙ্গীর হোসেন পুকুরে সেচ দিয়ে মাছ ধরছিলেন। এ সময় প্রতিবেশী মৃত আব্দুল হালিমের সন্তান ও আত্মীয়স্বজনরা তাদের বাধা দিলে কথা-কাটাকাটি হয়। পরে বাড়ি ফেরার পথে প্রায় ৩০/৪০ জন আক্তার ও জাহাঙ্গীরের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় আশঙ্কাজনক অবস্থায় আক্তারকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় জাহাঙ্গীরও আহত হয়েছেন। তিনি বর্তমানে চিকিৎসাধীন।
এদিকে হামলার অভিযোগে একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উছমান গণি। তিনি বলেন, পুকুর থেকে মাছ ধরাকে কেন্দ্র করে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আমরা একজনকে আটক করেছি। এ বিষয়ে আইনী প্রদক্ষেপ অব্যহত রয়েছে। বাকি অভিযুক্তদের আটক করতে পুলিশের অভিযান অব্যাহত আছে।