তরুণীকে নাচগানের কথা বলে কাশবনে।কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এক তরুণীকে নাচগানের কথা বলে কাশবনে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে পাঁচ ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় মোখলেছুর রহমান মিঠু (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একইসঙ্গে ভুক্তভোগী তরুণীকে উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।শুক্রবার (২অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ভুরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন।
এর আগে বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে ভূরুঙ্গামারী ইউনিয়নের নলেয়া রশিদ মোড় এলাকা থেকে তরুণীকে উদ্ধার করে পুলিশ।ওসি জানান, ভুক্তভোগী তরুণীকে গত ২৫ সেপ্টেম্বর (শুক্রবার) মুন্সিগঞ্জ থেকে ভূরুঙ্গামারী উপজেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর গ্রামের সামাদের ঘাট এলাকায় নাচগান করার জন্য নিয়ে আসা হয়।
পরদিন ২৬ সেপ্টেম্বর (শনিবার) ঘাট সংলগ্ন কাশবনে নিয়ে গিয়ে তাকে সংঘবদ্ধ ধর্ষণ করে অভিযুক্তরা। এ সময় তার কাছে থাকা ৫ হাজার ৬০০ টাকা ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন নিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে।অভিযুক্তরা হলো মোখলেছুর রহমান মিঠু, নাইনুল ইসলাম, লিটন মিয়া, আল আমিন ও ফুল মিয়া ওরফে ফুলবর।পরে বাড়ি ফেরার মতো টাকা না থাকায় ভুক্তভোগী বৃহস্পতিবার ওই তরুণী অভিযুক্তদের কাছে টাকা চাইতে নলেয়া রশিদ মোড়ে যান। সেখানে টাকা না দেওয়ায় বিষয়টি স্থানীয়দের নজরে আসে।
পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে ভূরুঙ্গামারী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে এবং মোখলেছুর রহমান মিঠুকে গ্রেপ্তার করে।গ্রেপ্তার মোখলেছুর রহমান মিঠু ভূরুঙ্গামারী উপজেলার নলেয়া রশিদ মোড় এলাকার বাসিন্দা।ভূরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আজিম উদ্দিন জানান, ভুক্তভোগী ওই তরুণীর বাড়ি মুন্সিগঞ্জ জেলায়। শুক্রবার সকালে এ বিষয়ে পাঁচজনকে নামীয় আসামি ও কয়েকজনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করা হয়েছে।