দুই সাবেক সেনাসদস্যসহ সাতজনকে গ্রেপ্তার।মুন্সীগঞ্জের শ্রীনগরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে দুই সাবেক সেনাসদস্যসহ সাতজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে র্যাবের পোশাক, ওয়াকিটকি, হ্যান্ডকাফ, লোগোযুক্ত আইডি কার্ড, খেলনা পিস্তল, ইলেকট্রিক শক মেশিনসহ ডাকাতিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
অভিযানে একটি মাইক্রোবাস ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় মুন্সীগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. মেনহাজুল আলম।পুলিশ সুপার জানান, রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীনগর উপজেলার হরিবাড়ী ব্রিজের পূর্ব পাশে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় ডাকাতির প্রস্তুতিকালে সাতজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের ভাষ্য, গ্রেপ্তার ব্যক্তিরা র্যাব সদস্য পরিচয়ে এক স্বর্ণ ব্যবসায়ীকে আটক করে তার স্বর্ণালংকার লুটের প্রস্তুতি নিচ্ছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে দীর্ঘদিন ধরে ডাকাতি করে আসছিলেন বলে তথ্য পাওয়া গেছে।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—শরীয়তপুরের ফরহাদ হোসেন (৪০), নওগাঁর চাকরিচ্যুত সেনাসদস্য নাদিম মাহমুদ শান্ত ওরফে রায়হান হোসেন (৩০), রাজবাড়ীর চাকরিচ্যুত সেনাসদস্য সার্জেন্ট মিজানুর রহমান (৪১), বরগুনার আব্দুল আলীম (৩২), মাগুরার সাকিবুর জামান মেহেদী (২৬), ভোলার মেহেদী হাসান সুজন (৩৫) এবং বরগুনার আবু হানিফ (৩২)।
আবু হানিফ ওই মাইক্রোবাসের চালক।পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বাড়ি দেশের বিভিন্ন জেলায়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।