নিজস্ব প্রতিবেদক- বাংলাদেশের বিভিন্ন সম্ভাবনাময় খাতে বিনিয়োগ সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে জাপানের শীর্ষস্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠান মারুবেনি কর্পোরেশন। এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে প্রতিষ্ঠানটির উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১১ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মারুবেনি কর্পোরেশনের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসায়ুকি ওমোটোর নেতৃত্বে প্রতিনিধিদলটি প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে।
বৈঠকে বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানো, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ এবং তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার নিরাপত্তা, সার ও জ্বালানি খাতে পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সরকার বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে কাজ করছে। এ সময় তিনি বাংলাদেশের তথ্যপ্রযুক্তি, সার ও জ্বালানি খাতে বিনিয়োগের জন্য মারুবেনি কর্পোরেশনকে উৎসাহিত করেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, মারুবেনি কর্পোরেশনের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের পাটজাত পণ্যের ব্যবসায়িক সম্পর্ক রয়েছে। এই সম্পর্ক আরও শক্তিশালী করার পাশাপাশি নতুন নতুন খাতে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।
বৈঠকে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ এবং দক্ষ জনশক্তি গড়ে তোলার বিষয়টি গুরুত্ব পায়। দেশের প্রকৌশল স্নাতকদের তথ্যপ্রযুক্তি ও সাইবার নিরাপত্তায় দক্ষ করে তোলার পরিকল্পনাও আলোচনায় উঠে আসে। সংশ্লিষ্টরা মনে করেন, দক্ষ মানবসম্পদ ও প্রযুক্তিগত সক্ষমতা কাজে লাগিয়ে বাংলাদেশ আন্তর্জাতিক সেবা খাতের গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হতে পারে।
এ ছাড়া আগামী ১২ মাসের মধ্যে বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক একটি ডেটা সেন্টার চালুর পরিকল্পনা নিয়েও আলোচনা হয়। এ প্রকল্পে মারুবেনি কর্পোরেশনের অংশগ্রহণ ও বিনিয়োগের সম্ভাবনা পর্যালোচনা করা হয়।
কৃষিপ্রধান বাংলাদেশের কৃষি খাতে আধুনিক প্রযুক্তি ও এআইয়ের ব্যবহার বাড়ানোর বিষয়টিও বৈঠকে স্থান পায়। এ ক্ষেত্রে বিনিয়োগের পাশাপাশি প্রযুক্তিগত সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন দুই পক্ষের প্রতিনিধিরা।
সিলেটে শুরু হয়েছে পাঁচদিনব্যাপী ‘৫০তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপ
সারের উৎপাদন ও সরবরাহ খাতেও বিনিয়োগ বাড়ানোর বিষয়ে আগ্রহ দেখিয়েছে মারুবেনি। বৈঠকে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে (কাফকো) প্রতিষ্ঠানটির বিদ্যমান বিনিয়োগ সম্প্রসারণ এবং দেশে দ্বিতীয় একটি কাফকো স্থাপনের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) কার্যকর হলে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও গতিশীল হবে বলে বৈঠকে আশাবাদ ব্যক্ত করা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান।
সিলেটে ফিজার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
মারুবেনি কর্পোরেশনের পক্ষে উপস্থিত ছিলেন দক্ষিণ-পশ্চিম এশিয়া অঞ্চলের প্রধান নির্বাহী কর্মকর্তা সুসুমু ওয়াকামোরি এবং বাংলাদেশে প্রতিষ্ঠানটির কান্ট্রি হেড মানাবু সুগাওয়ারা।