রাজনগরে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে প্রাণ হারিয়েছেন এক যুবক। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে রাজনগরের সদর ইউনিয়নের দাসটিলা এলাকায় এই ঘটনা ঘটে।নিহত ব্যক্তি আব্দুল কাইয়ূম (২২)। তিনি রাজনগর সদর ইউনিয়নের দাসটিলা গ্রামের আনছার আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত কাইয়ূম মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মাছ ধরার জন্য দুই সহপাঠীসহ বাড়ির পাশে উদনাছড়ায় যান। এ সময় তিনি জাল দিয়ে মাছ ধরতে গিয়ে পানির নিচে তলিয়ে যান।
পরে সঙ্গীরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করে পানির নিচ থেকে উদ্ধার করে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে আশঙ্কাজনক অবস্থায় মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, সে দীর্ঘদিন থেকে মৃগী রোগে আক্রান্ত ছিলেন। মাঝেমধ্যে তার শরীরে খিঁচুনি সৃষ্টি হয়ে নিস্তেজ হয়ে পড়তেন।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক চৌধুরী জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে প্রেরণ করা হয়েছে।