রাইজিংসিলেট: দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতিতে জমে উঠেছে সিলেট আন্তর্জাতিক বাণিজ্য মেলা। মেলাকে কেন্দ্র করে নগরীর কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যানবাহনের চাপ বেড়েছে। বিশেষ করে শাহী ঈদগাহ থেকে বালুচর মোড় পর্যন্ত সড়কে তীব্র যানজটের সৃষ্টি হওয়ায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল থেকে আম্বরখানা-টিলাগড় সড়কে যান চলাচল ধীর হয়ে পড়ে। দীর্ঘ সময় অপেক্ষা করেও অনেক যাত্রী যানবাহন না পেয়ে হেঁটে গন্তব্যের দিকে রওনা হন। মেলায় আগত দর্শনার্থীদের বাড়তি চাপের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
শাহী ঈদগাহ খেলার মাঠে আয়োজিত এ মেলায় শিশু-কিশোর, তরুণ-তরুণী থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শুক্রবার সন্ধ্যা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা প্রাঙ্গণে দর্শনার্থীদের ঘোরাফেরা, কেনাকাটা ও বিনোদন উপভোগ করতে দেখা যায়।
আয়োজক ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, মেলায় রান্নাঘরের প্রয়োজনীয় সামগ্রী, পোশাকসহ নানা ধরনের পণ্য নিয়ে সাজানো হয়েছে বিভিন্ন স্টল। বিক্রেতাদের অনেকেই জানিয়েছেন, দর্শনার্থীদের উপস্থিতি বাড়ার সঙ্গে সঙ্গে বিক্রিও বাড়ছে। মেলার পরিবেশ ও ক্রেতাদের সাড়া নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন তাঁরা।
গোলাপগঞ্জ থেকে পরিবারের সদস্যদের নিয়ে মেলায় এসেছেন আব্দুল আউয়াল। তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী, ছেলে ও মেয়ে। ছুটির দিনে পরিবারের সবাইকে নিয়ে কিছুটা সময় কাটানো এবং প্রয়োজনীয় কেনাকাটা করতেই মেলায় এসেছেন বলে জানান তিনি।
মেলায় শিশুদের বিনোদনের জন্য রয়েছে বিভিন্ন রাইড। নাগরদোলা, বাম্পার কার ও সুপার চেয়ারসহ নানা আকর্ষণে শিশুদের ভিড় দেখা গেছে। পাশাপাশি ড্রাগন ট্রেন ও পবনের নৌকার মতো রাইডেও আগ্রহ দেখাচ্ছেন বড়রা। বিনোদনের অন্যান্য আয়োজনের মধ্যে রয়েছে বক্সিং ও হাতুড়ি পেটানোর মতো খেলাধুলার ব্যবস্থা।
বিনোদনের পাশাপাশি খাবারেরও রয়েছে নানা আয়োজন। মেলার বিভিন্ন খাবারের দোকানে দর্শনার্থীদের ভিড় দেখা গেছে। তবে কিছু খাবারের দাম তুলনামূলক বেশি বলে জানিয়েছেন কয়েকজন দর্শনার্থী। এ ছাড়া চা-পানসহ হালকা নাশতার ব্যবস্থাও রয়েছে।
সিলেটের ব্যবসায়ী শামসুদ্দিন কালাকে নিয়ে অপপ্রচারের অভিযোগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ
আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের মেলায় ছোট-বড় মিলিয়ে মোট ১২৫টি স্টল রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ থেকে ৪২টি স্টল স্থানীয় উদ্যোক্তাদের। দেশের বিভিন্ন অঞ্চল, বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা থেকে ব্যবসায়ীরা অংশ নিয়েছেন। পাশাপাশি কয়েকটি বিদেশি প্রতিষ্ঠানের স্টলও রয়েছে।
‘সৃষ্টির শক্তি, সম্ভাবনার দিশা’ স্লোগানকে সামনে রেখে মেলার আয়োজন করেছে সিলেট উইমেন্স চেম্বার অব ইন্ডাস্ট্রি।
প্রতিষ্ঠানটির সভাপতি লুবানা ইয়াসমীন শম্পা জানান, তিন বছর পর সিলেটে বড় পরিসরে বাণিজ্য মেলার আয়োজন করা হয়েছে। এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো সমস্যার মুখোমুখি হতে হয়নি। সবার সহযোগিতা পেলে সফলভাবে মেলা সম্পন্ন করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি নগরবাসীসহ সর্বস্তরের মানুষকে পরিবার নিয়ে মেলা পরিদর্শনের আমন্ত্রণ জানান।
সিলেটে ২৪ ঘন্টার ব্যবধানে শীর্ষ ২আ: লীগ নেতা গ্রে ফ তা র
উল্লেখ্য, গত ১৫ অক্টোবর মাসব্যাপী এ বাণিজ্য মেলার উদ্বোধন করেন সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে সিলেট মহানগর পুলিশের কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন, পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেকসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।